পরীক্ষাকেন্দ্রে ঢুকতে বাধা শিক্ষককে ছুরিকাঘাত
এইচএসসি পরীক্ষা চলাকালে বহিরাগত দুই তরুণকে কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় এক শিক্ষককে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। ময়মনসিংহের গফরগাঁও পৌর শহরের কলেজ রোড এলাকায় গত সোমবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, গত সোমবার এইচএসসি পরীক্ষা চলাকালে টিপু ও হৃদয় নামের দুই তরুণ গফরগাঁও সরকারি কলেজ কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করতে চান। এ সময় অর্থনীতি পরীক্ষা চলছিল। কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক জাকিয়া ফেরদৌসী তাঁদের বাধা দেন। তখন ওই তরুণেরা ক্ষুব্ধ হয়ে কলেজ থেকে বের হয়ে যান। ওই দুই তরুণের বাড়ি পৌর শহরের কলেজসংলগ্ন এলাকায়। ওই দুই তরুণ নকল সরবরাহ করার জন্য পরীক্ষাকেন্দ্রে ঢুকতে যাচ্ছিলেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার রাত আনুমানিক নয়টার দিকে জাকিয়া ফেরদৌসী সরকারি কলেজসংলগ্ন এলাকায় হাঁটাহাঁটি করছিলেন। ওই সময় টিপু ও হৃদয় তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। ছুরিকাঘাতে জাকিয়া ফেরদৌসীর বাঁ হাতের কবজিতে জখম হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে জাকিয়া ফেরদৌসী সোমবার রাত সাড়ে ১১টার দিকে গফরগাঁও থানায় টিপু ও হৃদয়ের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেন। রাতেই পুলিশ পৌর শহরে অভিযান চালিয়ে টিপু ও হৃদয়কে গ্রেপ্তার করে। তাঁদের পুরো নাম জানা যায়নি।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বলেন, প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।