পরীক্ষাকেন্দ্রে ঢুকে ছাত্রীকে মারধর
পরীক্ষার কেন্দ্রে ঢুকে এক ছাত্রীর ওপর হামলা চালিয়েছে বখাটেরা। হামলার শিকার ওই ছাত্রী নগরের শিবগঞ্জ এলাকার সৈয়দ হাতিম আলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত। গতকাল শনিবার বেলা দেড়টায় ওই ছাত্রী নির্বাচনী পরীক্ষা দেওয়ার জন্য বিদ্যালয়ে গেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বেলা দুইটায় বিদ্যালয়ে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা ছিল। মণিপুরী সম্প্রদায়ের ওই ছাত্রী সহপাঠীদের সঙ্গে পরীক্ষাকক্ষে বসে পরীক্ষা শুরু হওয়ার জন্য অপেক্ষা করছিল। দেড়টার দিকে সোনারপাড়া এলাকার বাসিন্দা এবং ওই বিদ্যালয়েরই দশম শ্রেণির ছাত্র মোশাররফ হোসেন ওরফে শাকিবের নেতৃত্বে কয়েকজন বখাটে পরীক্ষাকক্ষে ঢুকে ছাত্রীটির ওপর অতর্কিতে হামলা চালায়। আহত শিক্ষার্থীর বাসা নগরের শিবগঞ্জ সেনপাড়া এলাকায়।
বখাটেরা ওই ছাত্রীকে বেধড়ক মারধর করে এবং কপালে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত ছাত্রীর বড় ভাই জানান, কয়েক দিন ধরেই শাকিব তাঁর বোনকে রাস্তাঘাটে উত্ত্যক্ত করে আসছিল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাইছ মিয়া পরীক্ষাকেন্দ্রে হামলার বিষয়টি স্বীকার করে জানান, বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে এবং আহত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হামলার শিকার ছাত্রীটির অভিযোগ, শাকিব তাদের সহপাঠী। বেশ কিছুদিন ধরেই সে রাস্তাঘাটে এবং বিদ্যালয়ে তাকে নানাভাবে উত্ত্যক্ত করে আসছিল। ছাত্রটির আজেবাজে প্রস্তাবে রাজি না হওয়ায় হামলার ঘটনা ঘটেছে।
গতকাল সন্ধ্যা সাতটায় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জেদান আল মুসা জানান, ছাত্রীর ওপর বখাটেদের হামলার ঘটনায় শাহ পরান থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনায় শাকিবের সম্পৃক্ত থাকার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।