পরীক্ষাকেন্দ্রে শিক্ষক ছিলেন নকল সরবরাহে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুরে ধনকুন্ডি দাখিল পরীক্ষাকেন্দ্রে শিক্ষকেরা প্রকাশ্যে পরীক্ষার্থীদের নকল সরবরাহ করছিলেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরিদর্শনে এসে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নকল সরবরাহের সময় দুজন শিক্ষককে হাতেনাতে ধরে তাঁদের কেন্দ্র থেকে বহিষ্কার করেন। এ সময় পাঁচ শিক্ষার্থীকেও বহিষ্কার করা হয়। এ ঘটনা গতকাল রোববার উপজেলার ধনকুন্ডি দাখিল মাদ্রাসায়।
ওই পরীক্ষাকেন্দ্রের সচিব ধনকুন্ডি দাখিল মাদ্রাসার সুপার আবদুস সামাদ বলেন, বহিষ্কৃত শিক্ষকেরা হলেন উপজেলার বেলগাছি দাখিল মাদ্রাসার আরবি শিক্ষক আবদুল হামিদ ও দড়িহাসড়া দাখিল মাদ্রাসার আরবি শিক্ষক জাবেদুর রহমান। এ সময় পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বনের কারণে পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও বলেন, তাঁর কেন্দ্রে উপজেলার ১৪টি মাদ্রাসার ২৮০ জন দাখিল পরীক্ষার্থী অংশ নেয়। গতকাল (রোববার) ছিল আরবি প্রথম পত্রের পরীক্ষা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান বলেন, বহিষ্কৃত শিক্ষক আবদুল হামিদ কেন্দ্রের ৪ নম্বর কক্ষে দায়িত্বে ছিলেন। কিন্তু তিনি তাঁর কক্ষে দায়িত্ব পালন না করে পাশের ৩ নম্বর কক্ষে ঢুকে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের নকল সরবরাহের সময় ধরা পড়েন। অপর শিক্ষক জাবেদুর রহমানও তাঁর ৩ নম্বর কক্ষে দায়িত্বে থেকে পরীক্ষার্থীদের নকল সরবরাহে নিয়োজিত ছিলেন।
ইউএনও এ কে এম সরোয়ার জাহান বলেন, পরীক্ষাকেন্দ্রে ওই দুই শিক্ষকের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডকে অবহিত করা হবে।