পরীক্ষাকেন্দ্রে সাংবাদিক নিষিদ্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার ইংরেজি পরীক্ষা চলাকালে সাংবাদিকদের কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি এবং কোনো তথ্যও দেওয়া হয়নি।
অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের তালা প্রতিনিধি তপন চক্রবর্তী ও স্থানীয় পত্রিকা দৈনিক পত্রদূত-এর তালা প্রতিনিধি ইলিয়াস হোসেন জানান, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে তাঁরা দুজনসহ কয়েকজন সাংবাদিক পরীক্ষার কেন্দ্রে যান। কলেজের অধ্যক্ষ মিয়া মো. আবদুর রশীদকে পরিচয় দেওয়ার পর তিনি পেশাগত পরিচয়পত্র দেখতে চান। পরিচয়পত্র দেখানোর পরও তিনি সাংবাদিকদের কেন্দ্রে ঢুকতে দেননি। তিনি বলেন, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ছাড়া কোনো সাংবাদিক পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন না বলে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশ রয়েছে। তবে বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার কেন্দ্রে প্রবেশ করেন। ৩৫ মিনিট ধরে কয়েকটি পরীক্ষাকক্ষ পরিদর্শন শেষে তিনি বেরিয়ে আসেন।
ইউএনও মাহবুবুর রহমান বলেন, সাংবাদিক কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না—এমন বিষয় তাঁর জানা নেই। কেন্দ্রের দায়িত্বে থাকা সচিবের সহযোগিতা নিয়ে সাংবাদিকেরা কেন্দ্রে যেতে পারবেন।
কলেজের অধ্যক্ষ মিয়া মো. আবদুর রশীদ বলেন, ‘সাংবাদিক পরীক্ষাকেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না, এমন লিখিত আদেশ নেই। তবে মৌখিকভাবে যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তাঁদের সাংবাদিক পরীক্ষাকেন্দ্রে ঢোকার ব্যাপারে বিধিনিষেধ আরোপের কথা বলেছেন।’
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেন, ‘সাংবাদিকেরা পরীক্ষাকেন্দ্রের সচিবের কক্ষে গিয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন। কক্ষের বারান্দা পর্যন্ত যেতে পারবেন। কোনো লিখিত নিয়ম না থাকলেও শিক্ষামন্ত্রী নিজেও কেন্দ্রে গিয়ে কক্ষে ঢোকেননি। সাংবাদিকেরাও কক্ষে ঢুকে দেখতে কিংবা ছবি তুলতে পারবেন না।’