পরীক্ষায় নকলের সুযোগ দাবি ছাত্রলীগের
পরীক্ষায় নকল করার সুযোগ না পেয়ে রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শাখা ছাত্রলীগের নেতারা গতকাল সোমবার পরীক্ষা-কেন্দ্রের পর্যবেক্ষককে ঘেরাও করেন। পরে অধ্যক্ষের হস্তক্ষেপে পর্যবেক্ষক প্রতিষ্ঠান থেকে বের হয়ে আসেন।
আইএইচটির প্রশাসনিক দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে ডিপ্লোমা ইন ফার্মাসি বিভাগের লিখিত পরীক্ষা গত ২৮ মে শুরু হয়। গতকালের পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক জসীম উদ্দিন বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল থেকে এ নিয়োগ দেওয়া হয়।
জসীম উদ্দিন বলেন, পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা নকল করলে তিনি ১০-১৫ মিনিটের জন্য খাতা রেখে দেন। যে উত্তরটি নকল করে লেখা হচ্ছিল, তিনি সেটাও কেটে দেন। এ খবর ছাত্রলীগের আইএইচটি শাখার নেতাদের কাছে চলে যায়। পরীক্ষার মাঝামাঝি সময়ে তিনি (পর্যবেক্ষক) একবার বাইরে বের হন। তখন ছাত্রলীগের নেতারা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তিনি দ্রুত কেন্দ্রে ঢুকে পড়লে তাঁরা আর কথা বলার সুযোগ পাননি।
দুজন প্রত্যক্ষদর্শী বলেন, পরীক্ষা শেষে অধ্যাপক জসীম বাইরে বের হওয়ার সঙ্গে সঙ্গে করিডরেই ছাত্রলীগের একদল নেতা-কর্মী তাঁকে ঘিরে ধরেন। তাঁদের নেতৃত্ব দিচ্ছিলেন আইএইচটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। ছাত্রলীগের নেতা-কর্মীরা পর্যবেক্ষকের কাছে জানতে চান—কেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে আর কেন প্রশ্নের উত্তর কেটে দেওয়া হচ্ছে। তখন জসীম উদ্দিন বলেন, ‘তাঁকে বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল নিয়োগ দিয়েছে। তিনি তাঁর বাইরে কারও কাছে জবাবদিহি করবেন না।’ এরপর ছাত্রলীগের নেতারা তাঁকে ঘেরাও করে রেখে পরবর্তী পরীক্ষায় নকলের সুযোগ দেওয়ার জন্য চাপাচাপি করতে থাকেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে এ খবর পৌঁছালে তিনি ঘটনাস্থলে আসেন। অধ্যক্ষ এসে ছাত্রলীগের নেতাদের সরিয়ে দেন।
জসীম উদ্দিন বলেন, তিনি কিছুতেই নকল করার সুযোগ দিতে পারেন না। নকল করতে সুযোগ না দেওয়ায় ছাত্রলীগের আপত্তি। তিনি আরও বলেন, তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। ছাত্রলীগের নেতা আনোয়ার হোসেন সবচেয়ে বাড়াবাড়ি করেছেন।
আনোয়ার হোসেন বলেন, তাঁরা কোনো খারাপ আচরণ করেননি। তিনি শুধু পরীক্ষা কেন্দ্রে ছাত্রদের একটু সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ বি এম মনসুর রহমান বলেন, খবর পেয়েই তিনি অধ্যাপক জসীম উদ্দিনকে রক্ষা করেন। তারপর তাঁকে নিরাপদে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন।