সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার প্রবেশপত্রের জন্য ২০০ টাকা করে আদায় করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষোভ প্রকাশ করেছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা রহমান জানান, প্রবেশপত্রের জন্য নয়, তাঁরা ছাত্রীদের আবেদনের পরিপ্রেক্ষিতে কয়েক দিন বিশেষ ক্লাস নিয়েছেন। বিশেষ ক্লাসের জন্য এই টাকা নেওয়া হচ্ছে। মডেল টেস্টের নামে টাকা নেওয়ার বিষয়ে তিনি বলেন, এ রকম কোনো টাকা নেওয়া হয়নি। ২৪০ টাকা নেওয়া হয়েছে বোর্ড নির্ধারিত পরীক্ষার ফি হিসেবে।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ২ নভেম্বর থেকে শুরু হওয়া জেএসসি পরীক্ষায় সুনামগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় থেকে ২৭৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। এ জন্য শিক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ করা হচ্ছে। অভিযোগ আছে, প্রবেশপত্রের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে নেওয়া হচ্ছে। টাকা দেওয়ার জন্য ক্লাসে নোটিশ দিয়ে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হয়েছে। টাকা না দিলে প্রবেশপত্র দেওয়া হবে না, এ কথাটিও নোটিশে উল্লেখ ছিল বলে শিক্ষার্থীরা জানিয়েছে।
শিক্ষার্থীরা আরও জানায়, এর আগে মডেল টেস্টের কথা বলে প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ২৪০ টাকা করে নেওয়া হয়েছে। গত মঙ্গলবার থেকে শিক্ষার্থীরা তিন দিনের এই পরীক্ষা দিচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে শহরের হাসননগর এলাকার এক অভিভাবক বলেন, ‘আসলে মডেল টেস্ট বা কোচিং মুখ্য না। আসল বিষয় হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে যেনতেনভাবে টাকা নেওয়া। পরীক্ষার আগের দিন মডেল টেস্ট নিয়ে কী হবে?’
শহরের ষোলঘর এলাকার অভিভাবক মুজিবুর রহমান পীর জানান, টাকা না দেওয়ায় তাঁর মেয়ের প্রবেশপত্র দেওয়া হয়নি। তিনি বলেন, ‘জেএসসি পরীক্ষার্থীদের আমার মেয়ে কোচিংয়ে যায়নি। তার পরও টাকা চাওয়া হচ্ছে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইয়াকুব বখ্ত বলেন, ‘প্রধান শিক্ষক আমাকে বলেছেন, কয়েকজন ছাত্রী নাকি তাঁর কাছে দরখাস্ত দিয়ে বলেছে কোচিং করবে। এটা কোচিংয়ের ফি। কিন্তু কোচিং করতে হলে সভা করে অভিভাবক ও শিক্ষার্থীদের মতামত নিতে হয়। এ রকম কোনো কিছু হয়নি।’