পরীক্ষার আগমুহূর্তে কেন্দ্র থেকে প্রশ্ন ফাঁস থামছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কড়াকড়ি আরোপ করেও পরীক্ষার আগে কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস বন্ধ হচ্ছে না। গতকাল বুধবার উচ্চমাধ্যমিক ও সমমানের পরীক্ষায় রাজধানীতে প্রশ্নপত্র সমাধান করার দায়ে এক শিক্ষক ও এক ছাত্রকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সংশ্লিষ্ট থানার পুলিশ এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গতকাল পরীক্ষার আগে আগে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্র-সংলগ্ন একটি রেস্তোরাঁয় বসে মুঠোফোন দেখে প্রশ্নের সমাধান করার দায়ে একজন শিক্ষককে দুই বছর ও একজন শিক্ষার্থীকে এক মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। লালমাটিয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জেল হোসেনের ভ্রাম্যমাণ আদালত এই কারাদণ্ড দেন। দুই বছরের সাজাপ্রাপ্ত শিক্ষক সিফাত জেসমিন নূর ঢাকার একটি বেসরকারি কলেজের বিজ্ঞানের শিক্ষক। অপরজন মেহেদী হাসান রাজধানীর তেজগাঁও কলেজের শিক্ষার্থী।
জানতে চাইলে সাজা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জেল হোসেন।
সূত্রটি বলছে, আগেই তাঁরা খবর পান লালমাটিয়া মহিলা কলেজ পরীক্ষাকেন্দ্রের সামনে পরীক্ষার আগে আগে প্রশ্নপত্র সমাধান করার ঘটনা ঘটছে। সাদাপোশাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে অভিযান চালান। তাঁরা জানতে পারেন অন্য কোনো কেন্দ্র থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে দায়ী ব্যক্তিরা প্রশ্নপত্র পেয়ে তা সমাধান করে দিতেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা পৃথক দুটি গ্রুপে ছিলেন।