পরীক্ষার উত্তরপত্র লেখার সময় ১১ শিক্ষক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাঘায় এসএসসি পরীক্ষা চলাকালে উত্তরপত্র লিখে দেওয়ার অভিযোগে ১১ জন শিক্ষক এবং এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এ ছাড়া নকলে সহায়তা, প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষাকেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলাসহ নানা অভিযোগে পাঁচ জেলায় আরও ২২ শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নকলের দায়ে আটক করা হয় কয়েক শিক্ষার্থীকেও। গতকাল মঙ্গলবার ছিল এসএসসি ও দাখিলের গণিত পরীক্ষার দিন।
বাঘায় গ্রেপ্তার ১১ শিক্ষক হলেন উপজেলার জোতনোসী উচ্চবিদ্যালয়ের জিল্লুর রহমান ও জিন্নাত আলী, চণ্ডীপুর উচ্চবিদ্যালয়ের আক্তারুজ্জামান ও শাপলা খাতুন, তেপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের সাখাওয়াত হোসেন, বানিয়াপাড়া উচ্চবিদ্যালয়ের রফিকুল ইসলাম ও আকরাম হোসেন, দাদপুর উচ্চবিদ্যালয়ের মাইনুল ইসলাম, বারখাদিয়া উচ্চবিদ্যালয়ের জাহাঙ্গীর হোসেন, পলশীফতেপুর উচ্চবিদ্যালয়ের রফিকুল ইসলাম ও খানপুর জে পি উচ্চবিদ্যালয়ের জিল্লুর রহমান। গ্রেপ্তার ছাত্র হলো তেপুকুরিয়া উচ্চবিদ্যালয়ের সাকিব মোল্লা।
প্রত্যক্ষদর্শীসহ অন্যান্য সূত্রের ভাষ্য, গতকাল এসএসসির অঙ্ক পরীক্ষা চলছিল। বাঘা উচ্চবিদ্যালয় কেন্দ্রের অধীন উপজেলা সদরের বাঘা উচ্চবিদ্যালয়, ইসলামি একাডেমি উচ্চবিদ্যালয় ও আবদুল হামিদ দানিশমন্দ সিনিয়র মাদ্রাসায় পরীক্ষার আসন বসানো হয়েছে। বাঘায় শাহদৌলা ডিগ্রি কলেজের সামনে পলি স্টুডিও ভবনে ‘প্রচেষ্টা-৯২’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যালয় রয়েছে। পরীক্ষা শুরুর পর পরীক্ষাকেন্দ্র থেকে এই কার্যালয়ে কিছু প্রশ্নপত্র নিয়ে আসা হয়। সেখানে অভিযুক্ত শিক্ষকেরা এবং ওই ছাত্র উত্তরপত্র তৈরি করছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আকতার ঘটনাস্থলে গিয়ে তাঁদের হাতেনাতে ধরেন। পুলিশ ডেকে গ্রেপ্তার করা হয় তাঁদের।
শিমুল আকতার বলেন, তাঁরা যে অপরাধ করেছেন, তাতে সর্বনিম্ন দুই বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। কিন্তু ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের বেশি দণ্ড দেওয়া যায় না। এ জন্য তাঁদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
পরীক্ষা চলাকালে কীভাবে প্রশ্নপত্র বাইরে গেল—জানতে চাইলে কেন্দ্রসচিব মোহাম্মদ আলী বলেন, বিষয়টি তাঁর জানা নেই। আর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ জানান, অভিযুক্ত শিক্ষকদের গতকাল সন্ধ্যায় আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
অনিয়মের আরও ঘটনা
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ১১ কক্ষ পরিদর্শককে (শিক্ষক) পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই শিক্ষকদের নয়জন ফরাজীকান্দি উয়েসীয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে এবং দুজন জমিলা খাতুন উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, মাদ্রাসা কেন্দ্রটিতে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীদের নকলে সহায়তা করার সময় নয় শিক্ষককে হাতেনাতে ধরে ফেলেন কেন্দ্রের অতিরিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মামুন উল হক। আর এসএসসি পরীক্ষা চলাকালে জমিলা খাতুন উচ্চবিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়। অভিযুক্ত দুজন জমিলা খাতুন উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক।
এ ছাড়া ময়মনসিংহের নান্দাইল উপজেলার তিনটি কেন্দ্রে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ছয় কক্ষ পরিদর্শককে অব্যাহতি ও নকল করায় তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। কুষ্টিয়ার দৌলতপুরে নকলে সহায়তার অভিযোগে দুই শিক্ষক এবং নকল করায় এক ছাত্রকে বহিষ্কার করা হয়। জোর করে কেন্দ্রে ঢোকার চেষ্টাকালে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন ভারত চন্দ্র উচ্চবিদ্যালয় কেন্দ্রে নকল সরবরাহ করতে গিয়ে আটক হন নবাব আশকারী উচ্চবিদ্যালয়ের গণিতের শিক্ষক পানাউল্লাহ মিয়া। ভ্রাম্যমাণ আদালত তাঁকে দুই বছরের কারাদণ্ড দেন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। ঝালকাঠির নলছিটি উপজেলায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে তিন মাদ্রাসাশিক্ষককে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নলছিটি মালিপুর নিজামিয়া মাদ্রাসার মোফাজ্জেল হোসেন, নলছিটি সিনিয়র ফাজিল মাদ্রাসার মো. মাইনুল ইসলাম ও ফুলহরি মাদ্রাসার নূরুল হক।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, রাজশাহী; নারায়ণগঞ্জ, মতলব দক্ষিণ (চাঁদপুর), নান্দাইল (মময়নসিংহ) প্রতিনিধি ও কুষ্টিয়া অফিস}