পরীক্ষার কেন্দ্র থেকে দুই শিক্ষক বহিষ্কার
বগুড়ার ধুনটে এসএসসি পরীক্ষার একটি কেন্দ্রে আজ মঙ্গলবার দায়িত্বে অবহেলার কারণে কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা দুই শিক্ষককে বহিষ্কার করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শিক্ষক দুজন হলেন ধুনট উপজেলার গোসাইবাড়ি এ এ উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক দুলাল সেখ ও সোনাহাটা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক লিমন আকতার।
ধুনট এন ইউ পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মশিউর রহমান জানান, আজ ছিল গণিত বিষয়ের পরীক্ষা। দুপুর ১২টার দিকে ধুনট এন ইউ পাইলট উচ্চবিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শনে আসেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান। এ সময় ১১৬ নম্বর কক্ষে দুই পরীক্ষার্থীকে দেখাদেখি করে লিখতে দেখে খাতা দুটি নিয়ে নিতে ওই দুই শিক্ষককে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। তখন তাঁরা খাতা নিয়ে নেন। এরপর ম্যাজিস্ট্রেট ওই কক্ষ থেকে বের হয়ে অন্য কক্ষে গেলে শিক্ষক দুজন খাতা দুটি আবারও ওই পরীক্ষার্থীদের ফেরত দেন। ম্যাজিস্ট্রেট কেন্দ্র থেকে বের হওয়ার আগে আবার এই কক্ষে এসে দেখেন ওই দুই শিক্ষার্থীর সামনে খাতা, তারা লিখছে। তখন তিনি ওই দুই শিক্ষককে পরীক্ষার চলতি দায়িত্ব ও কেন্দ্র থেকে বহিষ্কার করেন।
তবে অভিযোগের বিষয়ে এ দুই শিক্ষক কিছু বলতে রাজি হননি।
ম্যাজিস্ট্রেট হাফিজুর রহমান বলেন, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দুই শিক্ষককে কর্তব্যে অবহেলা ও দুই শিক্ষার্থীকে পরীক্ষার খাতায় লেখার জন্য বিশেষভাবে সুযোগ দেওয়ায় তাঁদের এ শাস্তি দেওয়া হয়।