পরীক্ষার খাতা ছিনিয়ে নিলেন শ্রমিক লীগের নেতা-কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে রেলওয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদোন্নতি পরীক্ষার খাতা ছিনতাই করে নিয়ে গেছেন স্থানীয় শ্রমিক লীগের নেতা-কর্মীরা। এর ফলে ওই পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকালে ঘটনাটি ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, আজ বুধবার সকাল সাড়ে ১০টায় লালমনিরহাটের রেল বিভাগীয় প্রকৌশলীর (ডিটিএস) চেম্বারের একটি কক্ষে দুই ঘণ্টার ওই পরীক্ষা শুরু হয়। পরীক্ষায় লালমনিরহাট রেল বিভাগের অধীন বগুড়া, পার্বতীপুর, বোনারপাড়া এবং লালমনিরহাটের পদোন্নতি প্রত্যাশী তৃতীয় ও চতুর্থ শ্রেণির সাতজন কর্মচারী অংশগ্রহণ করেন।

পরীক্ষার্থীদের একজন খন্দকার শামীম হোসেন প্রথম আলোকে বলেন, পরীক্ষা শুরুর ৪০ থেকে ৪৫ মিনিট পর রেল শ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম জোশেফ দলবল নিয়ে এসে সবার পরীক্ষার খাতা নিয়ে চলে যান। তাঁরা পরীক্ষার খাতা না নিতে অনুরোধ করেন। কিন্তু শ্রমিক লীগের নেতা-কর্মীরা তা শোনেননি।

এ প্রসঙ্গে জানাতে চাইলে পরীক্ষা গ্রহণ আহ্বায়ক কমিটির সদস্য ও লালমনিরহাট রেল বিভাগীয় সংস্থাপন কর্মকর্তা (ডিপিও) রবিউল ইসলাম বলেন, স্থানীয় রেলশ্রমিক লীগ নেতা জহিরুল ইসলাম জোশেফের নেতৃত্বে কয়েকজন শ্রমিক নেতা ওই পরীক্ষার খাতা নিয়ে গেছেন। তিনি বলেন, পদোন্নতি পরীক্ষা গ্রহণ নিয়ে শ্রমিক লীগ নেতাদের কথা না শোনায় এমনটা হয়েছে বলে তাঁদের ধারণা।

এ প্রসঙ্গে জানতে চাইলে লালমনিরহাট রেল বিভাগীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জোশেফ বলেন, ‘এই পদোন্নতি পরীক্ষা নিয়ে আমাদের আপত্তির কথা না শোনায় বাধ্য হয়ে সাত পরীক্ষার্থীর খাতা নিয়ে এসেছি।’