পরীক্ষার ফি বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফরম পূরণের ফি বাড়ানোর প্রতিবাদ জানিয়েছেন শিক্ষার্থীরা। এ সময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়নসহ প্রগতিশীল কয়েকটি ছাত্রসংগঠন।
শিক্ষার্থীদের অভিযোগ, জাতীয় বিশ্ববিদ্যালয়, শিক্ষা মন্ত্রণালয় ও বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ কর্তৃপক্ষ ইচ্ছেমতো বিভিন্ন ফি বাড়াচ্ছে। গত বছরের তুলনায় এবার ১ হাজার ৯৫ টাকা পর্যন্ত ফি বাড়ানো হয়েছে বলে তাঁরা দাবি করেন। সে হিসাবে সম্মান দ্বিতীয় বর্ষের ৫ হাজার ৫০০ শিক্ষার্থীর কাছ থেকে প্রায় ৬০ লাখ টাকা বাড়তি নেওয়া হচ্ছে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেন।
বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা গেছে, ক্লাস ও ফরম পূরণ বন্ধ রেখে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। এ সময় ক্যাম্পাসের বটতলায় সাধারণ শিক্ষার্থীদের সমাবেশে একাত্মতা ঘোষণা করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও ছাত্র ইউনিয়ন। পরে ওই সংগঠনগুলো আলাদাভাবে মানববন্ধন ও সমাবেশ করে।
সাধারণ শিক্ষার্থীদের এই আন্দোলন যৌক্তিক বলে স্বীকার করেছেন আজিজুল হক কলেজের অধ্যক্ষ সামস্-উল-আলম। তবে তিনি দাবি করেন, স্নাতক (সম্মান) শ্রেণির পরীক্ষার ফরম পূরণের ফি জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছরের চেয়ে শিক্ষার্থীপ্রতি ৬৫০ টাকা এবং শিক্ষা মন্ত্রণালয় ২৫০ টাকা বাড়িয়েছে। এই বৃদ্ধির হার ৬০ থেকে ৭০ শতাংশ। একসঙ্গে এত টাকা ফি বাড়ানো ঠিক হয়নি দাবি করে তিনি বলেন, নির্ধারিত ফির বাইরে কলেজ থেকে কোনো রকম বাড়তি ফি আদায় করা হচ্ছে না। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের সুযোগও নেই।
কলেজ কর্তৃপক্ষ জানায়, আজিজুল হক কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষে প্রায় ৫ হাজার ৫০০ শিক্ষার্থী রয়েছেন। এসব শিক্ষার্থীর ফরম পূরণ সোমবার থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা অভিযোগ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় নানা খাতে গত বছরের চেয়ে শিক্ষার্থীপ্রতি ৬৫০-১০০০ টাকা পর্যন্ত ফি বাড়িয়েছে। শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীপ্রতি ২৫০ টাকা বাড়তি ফি আদায় করছে। আর এই দুই প্রতিষ্ঠানের সঙ্গে কলেজ কর্তৃপক্ষও ইচ্ছেমতো ফি আদায় করছে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, কলেজে দীর্ঘদিন ধরে ম্যাগাজিন প্রকাশ না হলেও এ খাতে শিক্ষার্থীরা ৩০ টাকা করে দিচ্ছেন। এ ছাড়া গত বছরের চেয়ে বিবিধ খাতে ১০০, ব্যবস্থাপনা ফি ৫০, শিক্ষাসফরে ৫০, চিকিৎসা ফি ১৫, মসজিদ ফি ২০, অভ্যন্তরীণ ক্রীড়া ফি ৩০, সাহিত্য ও সাংস্কৃতিক ফি ৩৫ এবং ধর্মীয় খাতে পাঁচ টাকা অতিরিক্ত ফি আদায় করা হচ্ছে।
এ প্রসঙ্গে অধ্যক্ষ সামস্-উল-আলম প্রথম আলোকে বলেন, আগে ম্যাগাজিন প্রকাশ হয়নি বলে এখনো হবে না, এমনটা ভাবা ঠিক নয়। ফি যেহেতু আদায় করা হচ্ছে ম্যাগাজিনও প্রকাশ হবে।