কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ইনকোর্স পরীক্ষার ফি বাবদ আদায় হওয়া ১০ লাখ ১১ হাজার ২০০ টাকা প্রশাসন ও শিক্ষকেরা ভাগাভাগি করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর প্রথম দিনেই ওই টাকা ভাগাভাগি করা হয়। নিয়মানুযায়ী পরীক্ষার তারিখ ঘোষণার পর ওই টাকা উত্তোলন করার কথা।
কলেজ সূত্রে জানা গেছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ২০টি বিভাগে ৩ হাজার ৮৬৪ জন শিক্ষার্থী ভর্তি হন। তাঁদের কাছ থেকে ইনকোর্স পরীক্ষার ফি বাবদ জনপ্রতি ২০০ টাকা করে আদায় করা হয়। গত ২২ ফেব্রুয়ারি নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হওয়ার দিনই শিক্ষার্থীদের কাছ থেকে আদায় হওয়া ৭ লাখ ৭২ হাজার ৮০০ টাকা ভাগাভাগি করে নেওয়া হয়। এ ছাড়া ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর প্রথম পর্বের ১ হাজার ১৯২ জন শিক্ষার্থীর কাছ থেকে ইনকোর্স পরীক্ষার ফি বাবদ ২ লাখ ৩৮ হাজার ৪০০ টাকা আদায় করা হয়। ওই টাকাও ভর্তি-প্রক্রিয়া শেষ হওয়ার আগেই ভাগাভাগি করা হয়। এখনো স্নাতকোত্তর প্রথম পর্বে ভর্তি চলছে। ওই টাকার মধ্যে ২০টি বিভাগে শিক্ষার্থীপ্রতি ১৪০ টাকা করে ও কলেজ প্রশাসন ৬০ টাকা করে ভাগাভাগি করে নেয়।
কয়েকজন শিক্ষকের সঙ্গে আলাপ করে জানা গেছে, ২২ ফেব্রুয়ারি চলতি শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়। ওই দিনই ইনকোর্স পরীক্ষার টাকা ভাগাভাগি হয়। কোনো ধরনের পরীক্ষা না নিয়েই ক্লাস শুরুর প্রথম দিনেই এভাবে টাকা ভাগাভাগির নজির নেই।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের দুজন শিক্ষক জানান, এখন ওই টাকা ভাগাভাগি হলেও পরবর্তী সময়ে শিক্ষার্থীদের কাছ থেকে ইনকোর্স পরীক্ষার জন্য আবারও নগদ টাকা আদায় করা হতে পারে। অতীতে পরীক্ষা নেওয়ার পর টাকা ভাগাভাগি করা হয়েছিল। কিন্তু এবার ক্লাস শুরুর প্রথম দিনেই শিক্ষকেরা টাকা পেয়ে গেছেন।
একজন বিভাগীয় প্রধান নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘অধ্যক্ষ মহোদয়ের অভিপ্রায়ে ওই টাকা পেয়েছি। অতীতে কখনো এত আগে টাকা উত্তোলন হয়নি।’
কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ বলেন, ‘পুনরায় যেন শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া না হয়, সে জন্য বিভাগগুলোতে অগ্রিম টাকা ভাগ করে দেওয়া হয়েছে। তবে পরীক্ষা না নিয়ে শিক্ষকেরা বিভাগ থেকে কোনো টাকা ভাগাভাগি করে নিতে পারেন না। বিষয়টি আমি খতিয়ে দেখব।’