
মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. রমজান আলীর নির্বাচনী সভার জন্য পরীক্ষার সময়সূচি পাল্টানো হলো। শুধু তা-ই নয়, সভা শেষে মানিকগঞ্জ পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং মাদ্রাসার শিক্ষকদের করানো হলো ভূরিভোজ।
জেলা শহরের পশ্চিম দাশড়া এলাকার ইসলামিয়া কামিল মাদ্রাসায় গতকাল রোববার রমজান আলীর নির্বাচনী সভা ও ভোজের আয়োজন করা হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে অবহিত করা হলেও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ইসলামিয়া কামিল মাদ্রাসার কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের সাধারণ বিজ্ঞান এবং নবম শ্রেণির উচ্চতর গণিত বিষয়ে বার্ষিক পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু রমজান আলীর নির্বাচনী সভা থাকায় পরীক্ষা শুরু হয় সকাল আটটায়। পরীক্ষা শেষে দুপুর ১২টায় মাদ্রাসার একটি বড় শ্রেণিকক্ষে শুরু হয় আলোচনা সভা। ওই সভায় মেয়র প্রার্থী রমজান আলী, তাঁর ছোট ভাই দেলোয়ার হোসেন, পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী (অস্থায়ী) জাহাঙ্গীর হোসেনসহ পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম ও মুয়াজ্জিন এবং মাদ্রাসার দুই শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এ সময় রমজান আলী উপস্থিত ব্যক্তিদের কাছে ভোট প্রার্থনা করেন।
বেলা পৌনে দুইটার দিকে সরেজমিনে দেখা যায়, মাদ্রাসার উত্তর পাশের ভবনের দ্বিতীয় তলায় বিশাল কক্ষে খাওয়ানোর আয়োজন হচ্ছে। খাবারের তালিকায় ছিল গরুর মাংস, রুই মাছ, ডাল ও দই। এসব খাবার বাইরে থেকে মাদ্রাসায় সরবরাহ করা হয়। এ সময় রমজান আলী ও তাঁর ছোট ভাই দেলোয়ার হোসেনকে খাবার পরিবেশন দেখভাল করতে দেখা যায়।
বিষয়টি সাংবাদিকদের পক্ষ থেকে বেলা দুইটায় জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস এবং বেলা সোয়া দুইটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাজী মো. আসাদুজ্জামানকে অবহিত করলে তাঁরা জানান, বিষয়টি দেখা হচ্ছে। তবে বেলা পৌর তিনটায়ও কর্তৃপক্ষের কোনো প্রতিনিধিকে ঘটনাস্থলে দেখা যায়নি।
এসব বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন বলেন, এ ধরনের ঘটনা নির্বাচনী আচরণবিধির সম্পূর্ণ পরিপন্থী। কোনো প্রার্থী কিংবা তাঁর সমর্থকদের আচরণবিধি ভঙ্গ করার দায়ে ওই প্রার্থীকে সতর্ক বা জরিমানা করা অথবা প্রার্থিতা বাতিল করার বিধান রয়েছে।
বিএনপির মনোনীত মেয়র প্রার্থী নাসির উদ্দিন আহম্মেদ বলেন, একের পর এক আচরণবিধি লঙ্ঘন করলেও সরকারদলীয় মেয়র প্রার্থী হওয়ায় রমজান আলীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
স্বতন্ত্র প্রার্থী গাজী কামরুল হুদা বলেন, শুরু থেকেই তিনি (রমজান আলী) আচরণবিধি মানছেন না।
তবে মেয়র পদপ্রার্থী রমজান আলী বলেন, ‘আমি কোনো নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করিনি। মাদ্রাসা কর্তৃপক্ষ খাবারদাবারের আয়োজন করেছে। আমাকে দাওয়াত দেওয়া হয়েছিল বলে তাঁদের কথা রক্ষা করেছি।’
মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ মুসা প্রথম আলোকে বলেন, মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি স্থানীয় সাংসদ এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেকের প্রতিনিধি আবু বকর সিদ্দিকের পরামর্শে মাদ্রাসায় সভা ও খাবারদাবারের আয়োজন করা হয়। তিনি বলেন, পরীক্ষার সময়সূচি পরিবর্তনে পরীক্ষা দিতে শিক্ষার্থীদের কোনো সমস্যা হয়নি।
আবু বকর সিদ্দিকের সঙ্গে গতকাল সন্ধ্যায় মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
জেলা রিটার্নিং কর্মকর্তা গাজী মো. আসাদুজ্জামান কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একজন ম্যাজিস্ট্রেট পাঠানো হয়। তবে সেখানে কোনো প্রার্থী ও তাঁর সমর্থকদের কাউকে পাওয়া যায়নি। এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।