পরীক্ষার্থী বহিষ্কার, পরে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে এসএসসি পরীক্ষা কেন্দ্রের কক্ষ পরিদর্শক শিক্ষকের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। আহত শিক্ষক বাদী হয়ে গত রোববার রাতে নান্দাইল মডেল থানায় এ মামলা করেন। এতে শিক্ষার্থীসহ ২০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৩০ জনকে আসামি করা হয়েছে।
এ মামলার আসামি শরিফুল আলম নামের এক পরীক্ষার্থীকে গতকাল সোমবার বহিষ্কার করা হয়েছে। পরে কেন্দ্রের বাইরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আদালতের মাধ্যমে শরিফুলকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার শহরের নান্দাইল পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে এসএসসি পরীক্ষা চলাকালে কিছু শিক্ষার্থী অসদুপায় অবলম্বন করে। কক্ষ পরিদর্শক মো. মিজানুর রহমান এতে বাধা দেন। এ কারণে শিক্ষার্থীরা তাঁর ওপর ক্ষুব্ধ হয়। পরীক্ষা শেষ হওয়ার পর কক্ষ পরিদর্শক তাঁর কাকচর মহল্লার বাসায় যান। প্রায় দুই ঘণ্টা পরে কয়েকজন পরীক্ষার্থী ও বহিরাগত ওই শিক্ষকের বাড়িতে হামলা করে। তিনি বাড়ি থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তাঁকে ধাওয়া দিয়ে ধরে সড়কে ফেলে মারধর করা হয়। লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হামলাকারীরা প্রায় সবাই উপজেলার একটি সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র বলে অভিযোগ পাওয়া গেছে।
পরীক্ষা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাফিজুর রহমান বলেন, এ ঘটনায় যারা জড়িত, তাদের ছাড় দেওয়া হবে না। নির্দোষ পরীক্ষার্থীদের ভয়ের কিছু নেই।