পরীক্ষার্থীকে তুলে নেওয়ার ঘটনায় এসআই প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এসএসসি পরীক্ষার্থী সাগর ইসলামকে (১৬) পরীক্ষাকেন্দ্রের সামনে থেকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় উপপরিদর্শক (এসআই) কামাল উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে। তাঁকে গত শনিবার রাতে শাহরাস্তি থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা দিতে গেলে কেন্দ্রের (নিজমেহার মডেল পাইলট উচ্চবিদ্যালয়) সামনে থেকে সাগরকে তুলে নিয়ে যান শাহরাস্তি থানার এসআই কামাল উদ্দিন। থানায় নেওয়ার সময় সাগরকে মারধর করেন কামাল। এ কারণে সে আর ওই দিনের পরীক্ষা দিতে পারেনি। এ ঘটনায় জড়িত এসআই কামাল উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার সকালে দেবকরা মারগুবা ডা. শহীদুল্লাহ মেমোরিয়াল উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন। সাগর এ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে।
এ বিষয়ে প্রথম আলোয় শনিবার ‘কেন্দ্রের সামনে থেকে তুলে নিল পুলিশ’ ও রোববার ‘পরীক্ষার্থীকে তুলে নেওয়ায় জড়িত এসআইয়ের শাস্তি দাবি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, শনিবার রাতে কামাল উদ্দিনকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। সাগর ও তার পরিবার নিরাপদে বাড়িতে থাকতে পারবে। কেউ তাদের ক্ষতি করতে পারবে না।
সাগর জানায়, গতকাল সে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষায় অংশ নিয়েছে। নিরাপত্তাহীনতার কারণে বাড়ি যেতে না পেরে বর্তমানে সে উপজেলা ডাকবাংলোতে রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাকে থাকার ব্যবস্থা করে দিয়েছেন।
শাহরাস্তি থানা সূত্রে জানা গেছে, গত বুধবার সকালে সাগরের পরিবারের সঙ্গে প্রতিবেশী নুরুল হকের পরিবারের বাড়ির সম্পত্তি নিয়ে মারামারি হয়। এ ঘটনায় বুধবার রাতে নুরুল হকের পরিবার সাগরের বাবা, মা, ভাইবোন ও তার বিরুদ্ধে শাহরাস্তি থানায় মামলা করে। এসআই কামাল উদ্দিনকে এ মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়।