পরীক্ষার্থীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে চট্টগ্রামে মো. হেলাল নামের এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে টাইগারপাস এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। আহত হেলালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেলাল পাহাড়তলী ডিগ্রি কলেজের ছাত্র।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী জানান, চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা দিয়ে নগরের ডেবারপার এলাকায় বাসায় ফিরছিল হেলাল। তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশাটি টাইগারপাস এলাকার সিএনজি ফিলিং স্টেশনের সামনে এলে চার-পাঁচ যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় তার দুই পায়েও ছুরিকাঘাত করা হয়। চালক গাড়িটি দ্রুত চালিয়ে নিয়ে আসায় প্রাণে বেঁচে যায় হেলাল।
ওসি জানান, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
হেলালের বাবা হুমায়ুন কবির জানান, তাঁর ছেলে সুস্থ হওয়ার পর হামলাকারীদের পরিচয় জানা যাবে।