পরীক্ষার্থীকে বহিষ্কার করায় কেন্দ্রসচিবকে অব্যাহতি!
গাজীপুরের কালিয়াকৈরে নকল করার অপরাধে দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করায় গোলাম নবী মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলকাছ উদ্দিনকে গতকাল শনিবার কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
একই সঙ্গে দায়িত্বে অবহেলার অপরাধে অব্যাহতি দেওয়া হয়েছে কেন্দ্রের সহকারী সচিব ও কালিয়াকৈর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র সরকারকে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে কেন্দ্রসচিব আলকাছ উদ্দিন পরীক্ষানিয়ন্ত্রক মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা বরাবরে লিখিত অভিযোগ করেছেন।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, কালিয়াকৈর গোলাম নবী মডেল উচ্চবিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে গত শুক্রবার নকল করার অপরাধে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করেন কেন্দ্রসচিব আলকাছ উদ্দিন। এ ঘটনায় এসএসসি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান গোলাম নবী পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্রের কেন্দ্রসচিব আলকাছ উদ্দিন ও কালিয়াকৈর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং কেন্দ্রের সহকারী সচিব সুভাষ চন্দ্র সরকারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুর রহমান জানান, দায়িত্বে অবহেলার অপরাধে তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে।
কেন্দ্রসচিব আলকাছ উদ্দিন বলেন, ‘পরীক্ষায় নকল করার সময় ওই দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করার অপরাধে আমাকে কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যা অযৌক্তিক ও পাবলিক পরীক্ষা বিধানের সম্পূর্ণ পরিপন্থী।’