পরীক্ষার্থীকে হাতুড়িপেটা ও কুপিয়ে জখম
পরীক্ষার কক্ষে বসা নিয়ে বাগ্বিতণ্ডার জের ধরে বরগুনার আমতলী উপজেলায় ছাত্রলীগের সাবেক এক নেতার বিরুদ্ধে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণির এক পরীক্ষার্থীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শুক্রবার দুপুরে আমতলী সরকারি ডিগ্রি কলেজের সামনের সড়কে এ ঘটনা ঘটে। ইব্রাহিম খলিল নামে আহত ওই পরীক্ষার্থীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ওই পরীক্ষার্থী ও তাঁর পরিবারের অভিযোগ, শুক্রবার সকাল পৌনে নয়টার দিকে আমতলী ডিগ্রি কলেজ কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মো. ইব্রাহিম খলিল (৩৩) রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পার্ট-২ পরীক্ষা দেওয়ার জন্য ২০৩ নম্বর কক্ষে ঢোকেন। এ সময় খলিল তাঁর ক্রমিক নম্বর লাগানো নির্ধারিত আসনে এক নারী পরীক্ষার্থীকে বসা দেখে তাঁকে নির্দিষ্ট আসনে গিয়ে বসতে বলেন। এতে ওই নারী পরীক্ষার্থীর আত্মীয় ও আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ওয়ালি উল্লাহ বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরীক্ষা শেষে দেখিয়ে দেওয়ার হুমকি দিয়ে ওয়ালি উল্লাহ পরীক্ষার কক্ষ ত্যাগ করেন। পরে খলিল ওই নারী পরীক্ষার্থীর আসনে বসেই পরীক্ষা দেন।
দুপুর সোয়া ১২টার দিকে পরীক্ষা শেষে কলেজের প্রধান ফটক দিয়ে বের হয়ে সামনে যেতেই ওয়ালি উল্লাহসহ সাত-আট ব্যক্তি খলিলকে বগি দা, হাতুড়ি ও ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বেধড়ক মারধর করেন। এতে খলিলের মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসা সহকারী মো. মোস্তাফিজুর রহমান বলেন, খলিলের মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওয়ালি উল্লাহ গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, ‘ওরে কোপানো হয়নি। অন্য ছেলেরা সামান্য মারধর করছে, এতে ফেটে যেতে পারে।’ এ কথা বলেই তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
সন্ধ্যায় আমতলী থানায় যোগাযোগ করা হলে পরিদর্শক (তদন্ত) নুরুল আমিন বলেন, ‘এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।’