এইচএসসি দিতে পারল না শিক্ষার্থীরা, অধ্যক্ষ রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে অজ্ঞান হয়ে পড়েন সানরাইজ কলেজের শিক্ষার্থী মাসুদ রানা। ছবি: সংগৃহীত
পরীক্ষার প্রবেশপত্র না পেয়ে অজ্ঞান হয়ে পড়েন সানরাইজ কলেজের শিক্ষার্থী মাসুদ রানা। ছবি: সংগৃহীত

চলতি বছরে চলতি বছরে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দেওয়ার কথা ছিল নাইমা তাজরিনের। পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। কিন্তু প্রবেশপত্র না পেয়ে পরীক্ষায় বসতে পারেননি তাজরীন। পড়ার টেবিলে থাকার বদলে তিনি অসুস্থ হয়ে এখন বিছানায়। অভিযোগ উঠেছে, উত্তরার সানরাইজ কলেজ কর্তৃপক্ষের প্রতারণার শিকার হয়ে তাজরীনের মতো অবস্থা হয়েছে ৬২ জন শিক্ষার্থীর।

পরীক্ষা দিতে না পারা ১০ জন শিক্ষার্থী এবং তাঁদের অভিভাবকদের সঙ্গে কথা বলে এ তথ্য পাওয়া গেছে। শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের অভিযোগ, লাখ লাখ টাকা নিয়েও তাঁদের প্রবেশপত্র দেয়নি রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরের সানরাইজ কলেজ কর্তৃপক্ষ।

কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে রোববার উত্তরা পশ্চিম থানায় ৭৪ লাখ ৪০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেন অভিভাবকদের একজন। সোমবার কলেজটির অধ্যক্ষসহ তিনজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। আদালত প্রত্যেকের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

শিক্ষার্থী তাজরিনের মা সাজেদা বেগম কান্নাজড়িত কণ্ঠে প্রথম আলোকে বলেন, মেয়ের পেছনে লাখ লাখ টাকা খরচ করেছেন। পরীক্ষার ফরম পূরণ করার নাম করে এক লাখ টাকা নিয়েছে সানরাইজ কলেজ কর্তৃপক্ষ। অথচ কলেজ তাঁর মেয়ের পরীক্ষার প্রবেশপত্র আনতে পারল না। যখন থেকে এ সংবাদ শুনেছে, তাজরীন তখন থেকে অসুস্থ হয়ে পড়েছে।

প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের একজন মোস্তাফিজুর রহমান। তাঁর বাবা মতিউর রহমান বাদী হয়ে সানরাইজ কলেজের চেয়ারম্যান আনোয়ার পারভেজ ওরফে শিপুসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনায় তিনজন গ্রেপ্তার হলেও বাকিরা পলাতক। গ্রেপ্তার হওয়া তিনজন হলেন সানরাইজ কলেজের অধ্যক্ষ মো. নাজিম উদ্দিন, উপাধ্যক্ষ জিয়া উদ্দিন সরকার ও কলেজের পরিচালক আলমাস হোসেন।

জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা-পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, সানরাইজ কলেজের ৬২ জন শিক্ষার্থীর কাছ থেকে ৭৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছেন আসামিরা। বর্তমানে তাঁরা উত্তরা-পশ্চিম থানায় রয়েছেন। মামলায় এজাহারে যাঁদের নাম আছে, তাঁদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা হবে।

সানরাইজ কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিনসহ তিনজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম(সিএমএম) আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আসাদুজ্জামান
সানরাইজ কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিনসহ তিনজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম(সিএমএম) আদালত থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: আসাদুজ্জামান

মামলার বাদী মতিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘সানরাইজ কলেজ কর্তৃপক্ষের প্রতারণার কারণে তাঁর ছেলে পরীক্ষা দিতে পারল না।’ মামলার এজাহারে বলা হয়েছে, গত শনিবার সানরাইজ কলেজের ৬২ জন শিক্ষার্থী প্রবেশপত্র আনার জন্য কলেজে যান। পরে তাঁদের নিয়ে যাওয়া হয়ে ঢাকা শিক্ষা বোর্ডে। প্রবেশপত্র দেওয়ার কথা বলে সেদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত বসিয়ে রাখা হয়। কিন্তু প্রবেশপত্র তাঁদের দেওয়া হয়নি। পরে তাঁদের জানানো হয়, পরীক্ষার কেন্দ্রে কলেজ কর্তৃপক্ষ প্রবেশপত্র দেবে। সব পরীক্ষার্থী কেন্দ্রে উপস্থিত হলেও সানরাইজ কলেজ কর্তৃপক্ষের কেউ আর যোগাযোগ করেনি।

সানরাইজ কলেজের চেয়ারম্যান আনোয়ার পারভেজ প্রথম আলোকে বলেন, ৬২ জন পরীক্ষার্থী প্রবেশপত্র পাননি কথাটা ঠিক নয়। ৩৭ জনকে তাঁরা প্রবেশপত্র দিতে পারেননি। এঁরা কেউ সানরাইজ কলেজের নিয়মিত ছাত্র ছিলেন না। তারপরও তাঁদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দিতে চেয়েছিলেন। অনেক চেষ্টা করেও ঢাকা শিক্ষা বোর্ড থেকে তাঁদের প্রবেশপত্র সংগ্রহ করতে পারেননি। এ জন্য তিনি লজ্জিত।

অবশ্য মামলার বাদী মতিউর রহমানসহ কয়েকজন পরীক্ষার্থীর বাবা প্রথম আলোকে বলেছেন, প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে এক লাখ টাকা নিলেও কোনো রেজিস্ট্রেশন কিংবা পরীক্ষার ফরম পূরণ করেনি কলেজ কর্তৃপক্ষ। তাঁরা এর বিচার চান।