রংপুরের তারাগঞ্জ উপজেলায় ব্যবহারিক পরীক্ষায় নম্বর দেওয়ার কথা বলে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকেরা টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। টাকা না দিলে কম নম্বর দিয়ে অকৃতকার্য করিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, তারাগঞ্জে তিনটি কেন্দ্রে ১৬টি বিদ্যালয়ের ৮৯৮ পরীক্ষার্থী এবার ব্যবহারিক পরীক্ষায় অংশ নিয়েছে। গত মঙ্গলবার সকালে তারাগঞ্জ ও/এ মডেল উচ্চবিদ্যালয়কেন্দ্রে গেলে রাশেদা খাতুন নামের এক পরীক্ষার্থী অভিযোগ করে, দায়িত্বপ্রাপ্ত পরীক্ষকেরা পরীক্ষা শুরুর আগে নম্বর দেওয়ার কথা বলে তাদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা করে নিয়েছেন।
একই ধরনের অভিযোগ করেছে তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল ও কলেজকেন্দ্রের ১০ পরীক্ষার্থী। তারা জানায়, পরীক্ষার কক্ষে বসার পরপরই প্রতি বিষয়ের জন্য শিক্ষকেরা ২০০ টাকা করে নিয়েছেন। তাদের নিজ নিজ বিদ্যালয়ের শিক্ষকেরা আগেই পরীক্ষার কক্ষে ২০০ টাকা করে নিয়ে যেতে বলেছিলেন। টাকা না দিলে ব্যবহারিক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হতে পারে বলেও হুমকিও দেওয়া হয়েছিল।
কুর্শা গ্রামের এক পরীক্ষার্থীর অভিভাবক জিয়াউল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যবহারিক পরীক্ষার নামে টাকা আদায় নতুন কিছু নয়। পার্থক্য এটুকুই, গত বছরের চেয়ে এবার বিষয় প্রতি ১০০ টাকা করে বেশি নেওয়া হচ্ছে।
জানতে চাইলে তারাগঞ্জ ও/এ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব সফিকুল ইসলাম বলেন, ‘আমি তো পরীক্ষার্থীদের কাছ থেকে শিক্ষকদের টাকা নিতে নিষেধ করেছি।’
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা দত্ত বলেন, ‘বিষয়টি আমার কানেও এসেছে, তবে কেউ সুনির্দিষ্টভাবে অভিযোগ করেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মওলা বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ করলে বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।