পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম নাগেশ্বরীতে কামিল ব্যবহারিক পরীক্ষায় গতকাল রোববার শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ শ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলে পৌনে এক ঘণ্টা স্থগিত থাকে ওই পরীক্ষা কার্যক্রম।
শিক্ষার্থীদের অভিযোগ, সকালে নাগেশ্বরী কামিল (এমএ) মাদ্রাসা কেন্দ্রে কামিল ব্যবহারিক পরীক্ষা ছিল। এতে পরীক্ষার্থী ছিলেন ১৬৬ জন। সকালে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে গিয়ে জানতে পারেন, পরীক্ষক হিসেবে আসা কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মফিজুল ইসলামকে টাকা দিতে হবে। পরীক্ষার্থী শাহেদুর রহমান, আতিকুর রহমান বলেন, পরীক্ষককে দেওয়ার জন্য প্রথমে এক হাজার টাকা ও পরে পাঁচ শ টাকা করে চায় মাদ্রাসা কর্তৃপক্ষ। এতেও শিক্ষার্থীরা অপারগতা প্রকাশ করলে সহকারী শিক্ষক মাওলানা শহিদুল্লাহ টাকা না দিলে ব্যবহারিক পরীক্ষায় তঁাদের অকৃতকার্য করিয়ে দেওয়া হবে বলে হুমকি দেন। পরে বাধ্য হয়ে শিক্ষার্থীরা জনপ্রতি পাঁচ শ করে টাকা দেন। পরীক্ষক মফিজুল ইসলাম বলেন, ‘এটা সম্পূর্ণ মাদ্রাসার বিষয়। আমি কিছুই বলতে পারব না।’
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন বলেন, পরীক্ষকের যাতায়াত, আপ্যায়ন ও মাদ্রাসা উন্নয়নে এ টাকা খরচ হবে। পরে তিনি বিষয়টি ঘুরিয়ে আবার বলেন, ফরম পূরণের সময় অনেকে টাকা দেয়নি। এটা সেই টাকা।
নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো. রহমতুল্লাহ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, ‘মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে ঘটনাস্থলে যেতে এবং প্রতিবেদন দিতে বলেছি।’