পরীক্ষার্থীদের কাছে চাকু, মোবাইল ও সিগারেট
বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চবিদ্যালয়ের জেএসসি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করে দুটি চাকু, সাতটি মোবাইল ফোন, সিগারেটের প্যাকেট ও দেশলাই পাওয়া গেছে। আজ বুধবার জেএসসিতে চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষায় এ ঘটনা ঘটে। সাত পরীক্ষার্থীকে আটক করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।
অন্যদিকে সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে জেএসসি পরীক্ষার্থী এক ছাত্রীর মাকে ছুরিকাঘাত করার ঘটনায় এক কিশোরকে চার মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শাজাহানপুর উপজেলার চাঁচাইতারা-মাদলা যুক্ত উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে চারু ও কারুকলা বিষয়ের পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দেহ তল্লাশি করেন কেন্দ্রের কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত খান। এ সময় সাতজন পরীক্ষার্থীর কাছ থেকে দুটি চাকু, সাতটি মোবাইল ফোন এবং সিগারেটের প্যাকেট ও দেশলাই পাওয়া যায়। তারা শাজাহানপুর উপজেলার বেজোড়া উচ্চবিদ্যালয়, শাবরুল উচ্চবিদ্যালয়, সুলতানগঞ্জ উচ্চবিদ্যালয় ও আশেকপুর সিপি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় ওই পরীক্ষার্থীদের বহিষ্কার করা না হলেও পরীক্ষায় আর অংশ নিতে দেওয়া হয়নি। পরে ওই শিক্ষার্থীদের আটক করে অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়।
রুবায়েত খান বলেন, ওই কেন্দ্রে পরীক্ষা দেওয়া কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আগে থেকে বিরোধ ছিল। এসব শিক্ষার্থী সংঘর্ষে জড়াতে পারে বলে আশঙ্কা থেকে সবার দেহ তল্লাশি করা হয়। তবে ছাত্রীদের দেহ তল্লাশি করা হয়নি।
ফুলবাড়ি গমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের জেএসসি পরীক্ষার্থী এক ছাত্রীকে প্রেম নিবেদন করে ব্যর্থ হয় সারিয়াকান্দি পৌর এলাকার বাড়ইপাড়া গ্রামের আবদুল করিম (১৬) নামর এক কিশোর। আজ সরিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে গেলে ওই ছাত্রীর ওপর চড়াও হয় আবদুল করিম। তাকে বাধা দিলে সে ছাত্রীর মাকে ছুরিকাঘাত করে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। দুপুরের দিকে সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাসান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে করিমকে চার মাসের কারাদণ্ড দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইয়িদ মো. ওয়াহেদুজ্জামান প্রথম আলোকে বলেন, আহত ছাত্রীর মাকে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।