পরীক্ষার্থীর পকেটে গাঁজার পুঁটলি!
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আজ শনিবার পরীক্ষার হলে এক পরীক্ষার্থীর পকেটে গাঁজার পুঁটলি পাওয়া গেছে। পরে আওয়ালুল মুরছালীন নামের ওই পরীক্ষার্থীকে মাদক রাখার অপরাধে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আজ ব্যবসায় ব্যবস্থাপনা (বিএম) বিভাগের বিজনেস ইংলিশ অ্যান্ড কমিউনিকেশন বিষয়ের পরীক্ষা ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান দুপুরে আলমডাঙ্গা শহরের সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দুপুরেই তাকে আলমডাঙ্গা থানার পুলিশের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইউএনও আজাদ জাহান আলমডাঙ্গা সিদ্দিকিয়া মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শনে যান। সেখানে একটি কক্ষে পরীক্ষার্থী আওয়ালুল মুরছালীনের আচরণ সন্দেহজনক মনে হলে কক্ষ পরিদর্শককে দিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তার পকেটে থাকা মানিব্যাগে গাঁজার পুঁটলি পাওয়া যায়। পরীক্ষা শেষে বেলা একটার পরপরই ওই কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আওয়ালুল আদালতের কাছে অপরাধ স্বীকার করলে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ অনুযায়ী ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ইউএনও বলেন, তাঁর চাকরিজীবনে পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থীর কাছে মাদক পাওয়ার ঘটনা এটাই প্রথম।
এ বিষয়ে জেলা প্রশাসক সায়মা ইউনুস জানান, ওই পরীক্ষার্থী লিখিতভাবে আবেদন করলে কারাগারে থেকেই বাকি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে।