পরীক্ষায় অংশ না নিতে শিক্ষার্থীদের হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কাল অবরোধ, সেটি কি তুমি জানো? উত্তরে শুনেছি বলার সঙ্গে সঙ্গে অপর প্রান্ত থেকে আবার প্রশ্ন—তার পরও তুমি কি পরীক্ষা দিতে যাবে? এবার চুপ থাকলে উত্তর আসে—যদি যাও তাহলে তুমি কীভাবে বেঁচে থাকো, সেটা আমরা দেখব।’
গত সোমবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মুঠোফোনে একাধিক অজ্ঞাত নম্বর থেকে দেওয়া হয় এ রকম হুমকি। আতঙ্কিত শিক্ষার্থীরা দ্রুত বিভাগ কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কিন্তু সেখান থেকে কোনো সদুত্তর না পেয়ে তাঁরা পরীক্ষা স্থগিতের দাবি জানান। তাঁদের দাবির মুখে স্থগিত করা হয় চতুর্থ বর্ষের ল্যান্ড রিলেশন বিষয়ের পরীক্ষাটি। গতকাল এ পরীক্ষাটি হওয়ার কথা ছিল।
শুধু মৃত্তিকা বিজ্ঞান বিভাগ নয়, গতকাল শিক্ষার্থীদের অনুপস্থিতির কারণে আইন বিভাগের স্নাতকোত্তর ও অ্যাকাউন্টিং বিভাগের চতুর্থ বর্ষের পরীক্ষা হয়নি। পরীক্ষা থাকা প্রায় সব বিভাগের শিক্ষার্থীদেরই কয়েক দিন ধরে এ রকম হুমকি দেওয়া হচ্ছে।
এ ছাড়া গত শনিবার থেকে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মুঠোফোনে খুদে বার্তা আসছে। যাতে বলা হয়, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। কোনো একাডেমিক কার্যক্রমে অংশ না নেওয়ার জন্য তোমাকে অনুরোধ করা হলো। এটি সিরিয়াসলি নিয়ো। অন্যথায়...।’
এদিকে আন্দোলনের নামে ঘটে যাওয়া সহিংসতার রোষের শিকার হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ঘটায় আন্দোলনকারীরা। গত রোববার শাটল ট্রেনকে লক্ষ্য করে তিন দফায় ১২টি ককটেল নিক্ষেপ করে তারা। এতে পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হন। সর্বশেষ গতকাল শিক্ষক বাসে ইট ও লাঠিসোঁটা দিয়ে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। তবে এ সময় বাসে কোনো শিক্ষক না থাকায় কেউ আক্রান্ত হননি।
এসব ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন শিক্ষার্থীরা। তবে গুজবে কান না দিতে অনুরোধ করছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘এই সংকট আস্তে আস্তে কেটে যাবে। এতে ভয়ের কিছু নেই।’ এসবে কান না দিয়ে বরং শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষায় অংশ নিতে আহ্বান করেছেন তিনি।
একদিকে ককটেল ও হুমকি প্রদানের ঘটনা ও অন্যদিকে একাডেমিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অবস্থানের কারণে শিক্ষার্থীরা সিদ্ধান্তহীনতায় ভুগছেন।
মুঠোফোনে হুমকি পাওয়া শিক্ষার্থীদের একজন প্রথম আলোকে বলেন, ‘আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত না। কিন্তু ক্লাস-পরীক্ষায় অংশ নিলে আমাদের মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। অন্যদিকে ক্লাস-পরীক্ষাও চলছে। আমরা কী করব? ক্যাম্পাসে পাঠানো নিয়ে আমাদের অভিভাবকদের মধ্যেও ভীতি কাজ করছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত এই সংকট দ্রুত নিরসন করা।’ প্রসঙ্গত, তিনটি ছাত্রাবাসে বৈধ শিক্ষার্থীদের তুলে দেওয়ার দাবিতে গত শনিবার থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট চলছে। যদিও সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিবির এই নৈরাজ্য চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তবে শিবিরের পক্ষ থেকে এটি বারবার অস্বীকার করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষক ও শিক্ষার্থী বলেন, সাধারণ শিক্ষার্থীরা কখনো সাধারণ শিক্ষার্থীদের গায়ে ককটেল মারতে পারে না। এসব শিবিরের কাজ।
তবে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি মুস্তাফিজুর রহমান এই অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ঘটনা অন্যদিকে প্রবাহিত করতে শিবিরকে এতে জড়ানো হচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের দাবি যৌক্তিক হওয়ায় আমরা মৌন সমর্থন জানিয়েছি। এর বেশি কিছু না।’