পরীক্ষায় অনুপস্থিত থেকেও পুরো নম্বর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ছোট শরীফপুর কলেজের এইচএসসি পরীক্ষার্থী দুই প্রবাসী ব্যবহারিক পরীক্ষায় অংশ না নিয়েও পুরো নম্বর পেয়েছে। ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অর্থের বিনিময়ে এ অনৈতিক সুবিধা দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ব্যাপারে কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে। বোর্ড বিষয়টি তদন্ত করে দেখছে। গত জুনের শেষ সপ্তাহে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, ছোট শরীফপুর কলেজ থেকে শিউলি আক্তার ও শাহজালাল নামের দুই শিক্ষার্থী এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে শিউলি গত ১৭ জুন সৌদি আরব চলে যায়। ২০ জুন তার জীববিজ্ঞান ব্যবহারিক পরীক্ষা ছিল। ওই পরীক্ষায় সে অনুপস্থিত থাকার পরও বোর্ডে পাঠানো নম্বরপত্রে তার রোল নম্বরের পাশে প্রাপ্ত নম্বর ২৫ উল্লেখ করা হয়। বোর্ডের ওয়েবসাইটেও তা রয়েছে। একই কলেজের শিক্ষার্থী শাহজালাল ব্যবহারিক পরীক্ষায় অংশ না নিয়ে ১৩ জুন বাহরাইনে চলে যায়। তাকেও পুরো নম্বর দেওয়া হয়।
ওই দুই পরীক্ষার্থীর ব্যবহারিক পরীক্ষা নেওয়া শিক্ষক কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ডিগ্রি কলেজের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরিদ আহমেদ বলেন, ‘কারা উপস্থিত ছিল না-ছিল, সেটা বলতে পারব না। আমরা উপস্থিত পরীক্ষার্থীদেরই নম্বর দিয়েছি। অন্যদের নম্বর দেওয়া হয়নি। এখন কেউ যদি নম্বর বসিয়ে দেয়, এর দায়দায়িত্ব আমাদের নয়।’
ওই দুই পরীক্ষার্থীসহ তিন পরীক্ষার্থীর বিরুদ্ধে গত ৩০ জুন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে একটি অভিযোগ আসে। এতে বলা হয়, ব্যবহারিক পরীক্ষার জন্য দুই শিক্ষার্থীর কাছ থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলা বিভাগের প্রভাষক জাকির হোসেন ২০ হাজার করে টাকা নেন।
জানতে চাইলে জাকির হোসেন বলেন, ‘কে পরীক্ষা দিল না-দিল, এটা যাঁরা ব্যবহারিক পরীক্ষা নিতে গেলেন, তাঁদের ব্যাপার। অধ্যক্ষ হিসেবে আমি এগুলো দেখি না। আমার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ভিত্তিহীন।’
কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, প্রাথমিকভাবে তদন্ত করে দেখা গেছে, ব্যবহারিক পরীক্ষায় অনুপস্থিত ওই শিক্ষার্থীদের ২৫ নম্বর করে দেওয়া হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করে দেখা হচ্ছে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।