পরীক্ষায় অসদুপায়, তিনজনের কারাদণ্ড
লালমনিরহাটে অন্যের হয়ে পরীক্ষা দেওয়া ও পরীক্ষায় অসদুপায় অবলম্বন করার দায়ে তিনজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজ পরীক্ষা কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৪ সালের স্নাতক (দ্বিতীয় বর্ষ) পরীক্ষায় ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
কারাদণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নেওয়াশী গ্রামের আবদুল ওহাব (২৬), লালমনিরহাটের আদিতমারী উপজেলার ছোট কমলাবাড়ী গ্রামের প্রদীপ কুমার রায় (২২) ও কালীগঞ্জ উপজেলার চাপারহাট গ্রামের হাবিবুর রহমান (২৪)।
লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের প্রভাষক জাকির হোসাইন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মিরাজ হায়দার বলেন, বেলা একটায় শুরু হওয়া ইংরেজি পরীক্ষা চলাকালে আবদুল ওহাব, হাবিবুর রহমান ও প্রদীপ কুমার রায়ের আচরণে তাঁদের সন্দেহ হয়। পরে তিনজনকে জিজ্ঞাসাবাদ করলে তাঁরা পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কথা স্বীকার করে ক্ষমা চান। আবদুল ওহাবের দেওয়া তথ্যের বরাত দিয়ে তাঁরা বলেন, তিনি সাত হাজার টাকার বিনিময়ে লালমনিরহাট সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আবু সুফিয়ানের হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৪ সালের ইংরেজি আবশ্যিক বিষয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন। হাবিবুর রহমান বিশেষ কৌশলে বাম হাতের বাহুতে ফিতে দিয়ে মোবাইল ফোন বেঁধে তাতে স্পেশাল ডিভাইস যুক্ত করে এবং প্রদীপ কুমার রায় মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে নকল করার সময় ধরা পড়েন।
লালমনিরহাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. নাহিদ হাসান বলেন, ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে বাংলাদেশ দণ্ডবিধি-১৮৬০-এর ১৮৮ ধারায় দোষ স্বীকার করায় দোষীদের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
লালমনিরহাট মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শামীম আরা বেগম বলেন, ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত পরীক্ষার্থী হাবিবুর রহমান ও প্রদীপ কুমার রায় এবং ভুয়া পরীক্ষার্থী দিয়ে পরীক্ষায় অংশ গ্রহণকারী আবু সুফিয়ানকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্যের হয়ে পরীক্ষা দেওয়া আবদুল ওহাব বলেন, ‘অন্যের হয়ে পরীক্ষা দিতে আসা আমার জন্য চরম অন্যায় হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩ সালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে মাস্টার্সে (স্নাতকোত্তর) প্রথম শ্রেণি পেলেও বর্তমানে বেকার। টাকার খুব দরকার। তাই এ কাজ করতে বাধ্য হয়েছি।’ তিনি বলেন, ‘আমি নৈতিকভাবে একজন অপরাধী হলেও আমাকে ক্ষমা করে ভালো হওয়ার সুযোগ প্রার্থনা করছি।’