পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিএমপি

বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) গোয়েন্দা শাখা। গত শুক্রবার ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট পরীক্ষা কেন্দ্র থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. আবির হোসেন তাহা ও হারুন অর রশিদ।

ডিবি সূত্র জানিয়েছে, গ্রেপ্তার আবির হোসেন ভুয়া পরীক্ষার্থী। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অফিস সহায়ক পদে মিলন কুমার দাস নামের এক পরীক্ষার্থীর প্রবেশপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্র প্রবেশ করেছিলেন তিনি। আর স্টোর কিপার, কেয়ারটেকার, হিসাব রক্ষক, অফিস সহকারী, উচ্চমান সহকারীসহ বিভিন্ন পদে নির্বাচনী পরীক্ষার অংশ নিতে আসেন হারুন অর রশিদ। এ সময় তার সঙ্গে একটি ইলেকট্রনিক ডিভাইস পাওয়া যায়।

ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. শাহাদত হোসেন বলেন, পরীক্ষায় জালিয়াতির সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি মামলা হয়েছে।