পরীক্ষায় পাসে টাকা ফেরত, ফেলে বাজেয়াপ্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরীক্ষায় পাস করলে টাকা ফেরত, ফেল করলে বাজেয়াপ্ত—এমন শর্তে সাভার ল্যাবরেটরি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অনুত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে এইচএসসির ফরম পূরণবাবদ মোটা অঙ্কের টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। ওই শিক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণের নির্ধারিত ফির অতিরিক্ত টাকাও আদায় করা হচ্ছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে কলেজটির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বিভিন্ন রাজনৈতিক নেতা ও অভিভাবকের চাপে অনুত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যাপারে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অতিরিক্ত টাকা নয়, বরং ওই শিক্ষার্থীদের কাছ থেকে ‘জামানত’ নেওয়া হচ্ছে। এইচএসসি পরীক্ষায় পাস করলে টাকা ফেরত দেওয়া হবে। ফেল করলে বাজেয়াপ্ত করা হবে।
কলেজ সূত্র জানায়, এ বছর ওই কলেজের ২৮৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নেয়। এদের মধ্যে ২৬০ জন উত্তীর্ণ হয়। ২৯ জন অকৃতকার্য হয়। তাদের পুনরায় পরীক্ষা নেওয়া হয়। এরপরও সবাই দুই ও ততোধিক বিষয়ে অকৃতকার্য হয়। এদের মধ্যে দুই বিষয়ে অকৃতকার্য ১১ জনের কাছ থেকে ১০ হাজার টাকা ‘জামানত’ আর ফরম পূরণ বাবদ নয় হাজার টাকা আর দুইয়ের অধিক বিষয়ে অকৃতকার্য ১৮ জনের কাছ থেকে ২০ হাজার টাকা ‘জামানত’ আর ফরম পূরণবাবদ ১১ হাজার টাকা নেওয়ার  সিদ্ধান্ত হয়। এ শর্তে ইতিমেধ্য ১৩ জন ফরম পূরণ করেছে। অন্যদিকে উত্তীর্ণরা ৭ হাজার ৫০০ টাকায় ফরম পূরণ করে।
সাভারের ঘোড়াদিয়া গ্রামের আনোয়ার হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে তিন বিষয়ে অনুত্তীর্ণ হয়েছে। এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ তার কাছ থেকে জামানতবাবদ ২০ হাজার ও ফরম পূরণবাবদ ১১ হাজার টাকা দাবি করে। পরে স্থানীয় সাংবাদিকদের তদবিরে তাঁর ছেলেকে জামানত ছাড়া ১১ হাজার টাকায় ফরম পূরণের সুযোগ দেওয়া হয়।
কলেজের শিক্ষার্থী বিজয় মৃধা দাবি করে, তিন বিষয়ে অনুত্তীর্ণ হওয়ায় তার কাছেও ২০ হাজার টাকা জামানত আর ১১ হাজার টাকা ফরম পূরণের ফি দাবি করা হয়। কিন্তু টাকা জোগাড় করতে না পারায় সে আর ফরম পূরণ করতে পারেনি।
কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর বলেন, প্রাক-নির্বাচনী পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্যদের এ বছর ফরম পূরণের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল না। কিন্তু অভিভাবক ও রাজনৈতিক দলের নেতাসহ প্রভাবশালীদের চাপে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে।
ফরম ফি বাবদ অনুত্তীর্ণদের কাছ থেকে উত্তীর্ণদের চেয়ে বেশি টাকা নেওয়ার ব্যাপারে অধ্যক্ষ বলেন, অনুত্তীর্ণদের কাছ থেকে বিলম্ব ফি বাবদ অতিরিক্ত টাকা নেওয়া হয়েছে।
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা প্রথম আলোকে বলেন, দুইয়ের অধিক বিষয়ে অনুত্তীর্ণদের পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত হয়নি। বোর্ডের নির্ধারিত ফির অতিরিক্ত টাকা বা জামানত নিয়ে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার কোনো বিধান নেই। অভিযোগের সত্যতা পাওয়া গেলে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।