পরীক্ষায় ফেল করে ল্যাবে ভাঙচুর!
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্যাথলজি ল্যাবে ব্যাপক ভাঙচুর করা হয়েছে। অভিযোগ উঠেছে, পরীক্ষায় অকৃতকার্য হওয়া এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার দুপুরে ওই ভাঙচুর চালান। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা নেতৃত্ব দেন বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর কলেজ প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী শনিবার একাডেমিক কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মেডিকেল কলেজের ছাত্র হোস্টেল থেকে লাঠিসোঁটা ও হকিস্টিক নিয়ে একদল শিক্ষার্থী কলেজের প্রশাসনিক ভবনের ওপরের তলায় গিয়ে অ্যানাটমি বিভাগের প্যাথলজি ল্যাবে ব্যাপক ভাঙচুর চালান। হামলায় কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা নেতৃত্ব দেন।
কলেজ ছাত্রলীগের সভাপতি এম এ আল মামুন এ অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের কেউ নন, ফেল করা সাধারণ শিক্ষার্থীরা এই ভাঙচুর চালিয়েছেন। তবুও ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগের নাম আসায় আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
কলেজ প্রশাসন, পুলিশ ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ফল প্রকাশ করা হয়। ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে ৯৮ জন উত্তীর্ণ হন ও ৫৩ জন অকৃতকার্য হন। অকৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে অবেদনবিদ বিভাগেরই ৩১ জন।
কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, ভাঙচুরে ল্যাবের মাইক্রোসকোপ, রেফ্রিজারেটর, টেবিলসহ মূল্যবান কয়েক লাখ টাকার যন্ত্রপাতির ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছার আগেই শিক্ষার্থীরা সটকে পড়েন।
কলেজের অধ্যক্ষ এ কে এম আহসান হাবিব প্রথম আলোকে বলেন, পরীক্ষায় পাস-ফেল থাকবেই। এটা নতুন কিছু নয়। তা ছাড়া কাউকে ইচ্ছে করে অকৃতকার্য করা হয়নি। পরীক্ষায় অকৃতকার্য হয়ে কলেজে হামলা-ভাঙচুরের ঘটনা আগে কখনো ঘটেনি। শিক্ষার্থীদের মধ্যে সহনশীলতা না থাকার কারণেই এটা ঘটেছে। এ ঘটনায় অ্যানাটমি বিভাগের অধ্যাপক অলি আহমেদকে প্রধান করে গঠিত সাত সদস্যের তদন্ত কমিটিকে ক্ষয়ক্ষতির কারণ নিরূপণ এবং জড়িত ছাত্রদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া শনিবার কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভা ডাকা হয়েছে।