
কারও সামনে বইয়ের ছেঁড়া পাতা। কারও সামনে পুরো বই। তা দেখে দেখে উত্তরপত্রে লিখছে পরীক্ষার্থীরা। ঠাকুরগাঁওয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এসএসসি পর্যায়ের প্রথম বর্ষের পরীক্ষায় গতকাল শুক্রবার এমন চিত্র দেখা গেছে।
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক পর্যায়ে গত ২৮ অক্টোবর পরীক্ষা শুরু হয়। প্রতি শুক্রবার এই পরীক্ষা হয়।
রিভারভিউ উচ্চবিদ্যালয়ে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কেন্দ্র সূত্রে জানা গেছে, এ বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কেন্দ্রে মাধ্যমিক পর্যায়ে ১০১ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। গতকাল সকালে সেসব শিক্ষার্থী গণিত পরীক্ষায় অংশ নেয়।
গতকাল বেলা ১১টার দিকে কেন্দ্র ঘুরে দেখা যায়, রিভারভিউ উচ্চবিদ্যালয়ের দোতালার দুটি কক্ষে গণিত পরীক্ষা চলছে। পরীক্ষার্থীরা অবাধে বইয়ের পাতা বেঞ্চের ওপরে রেখে তা দেখে দেখে উত্তরপত্রে লিখছে। আবার কেউ কেউ পুরো বইটাই বেঞ্চের ওপর রেখে উত্তরপত্রে লিখছে। আবার একজন পরীক্ষার্থীর সামনে থাকা বইয়ের পাতা দেখে কয়েকজন পরীক্ষার্থী লিখছে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তা প্রতিরোধে তেমন কোনো তৎপরতা দেখা যায়নি।
পরীক্ষার কেন্দ্রে এই প্রতিবেদককে ঢুকতে দেখে এগিয়ে আসেন কেন্দ্রে পরিদর্শকের দায়িত্বে থাকা দু-তিনজন শিক্ষক। সে সময় ঠাকুরগাঁও রোড বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক আবদুল কুদ্দুস এই প্রতিবেদককে পরীক্ষার হল ছেড়ে যেতে অনুরোধ করার পর বলেন, ‘আসুন অফিস কক্ষে বসে বিষয়টি নিয়ে আলোচনা করি।’
তাঁদের মধ্যে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, যাদের কোনো উপায় নেই, তারাই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কোর্সে ভর্তি হয়। শিক্ষা নয়, সনদ হাতে পাওয়াটাই তাদের মূল উদ্দেশ্য। এসব কারণে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষকদের কিছুটা ছাড় দিতে হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলে, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকেরা হলে সুযোগ-সুবিধা দেওয়ার জন্য প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে এককালীন ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত নিয়েছেন। এ ছাড়া প্রতি পরীক্ষায় প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে যার কাছে যেমন টাকা পান নেওয়া হয়।
এদিকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অনিয়মের খবর পেয়ে ৪ নভেম্বর কেন্দ্র পরিদর্শনে যান নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মণ্ডল। সে সময় পরীক্ষায় অনিয়ম হলেও দায়িত্বে থাকা শিক্ষকেরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না দেখতে পান। এরপর তিনি ওই হলের দায়িত্বে থাকা শিক্ষক হোসনে আরা ও মঞ্জুয়ারা বেগমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রসচিবকে পরামর্শ দেন। এ বিষয়ে বিতান কুমার মণ্ডল বলেন, পরীক্ষার হলে অনিয়ম হলে তার দায় পরীক্ষকদের ওপরই পড়ে। তাঁরা অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কেন্দ্রসচিবকে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পরামর্শ দেওয়া হয়েছে।
রিভারভিউ উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব মহাদেব চন্দ্র বলেন, ‘আমার কেন্দ্রে পরীক্ষার্থীদের নকল করার কোনো সুযোগ দেওয়া হয় না। এরপরও অনেক পরীক্ষার্থী শিক্ষকদের চোখ এড়িয়ে নকল করার চেষ্টা করে। সেসব পরীক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।