পরীমনি–নজরুলসহ ১০ আসামির ‘অপরাধলব্ধ আয়’ খুঁজছে সিআইডি
চিত্রনায়িকা পরীমনি, প্রযোজক নজরুল ইসলাম রাজ, আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হেলেনা জাহাঙ্গীরসহ ১০ আসামির অপরাধলব্ধ কোনো আয় আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগ (সিআইডি)। এসব আসামির মামলার তদন্ত প্রক্রিয়ার সঙ্গে জড়িত সিআইডির একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ ওমর ফারুক প্রথম আলোকে বলেন, পরীমনি, নজরুল ইসলাম, হেলেনা জাহাঙ্গীরদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের কাছ থেকে পাওয়া নানা তথ্যাদি যাচাই–বাছাই করা হচ্ছে। তাঁদের যদি অপরাধলব্ধ সম্পদের খোঁজ পাওয়া যায়, তাহলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনি ও তাঁর সহযোগী আশরাফুল ইসলাম, পরীমনির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমি, প্রযোজক নজরুল ইসলাম এবং তাঁর সহযোগী সবুজ আলীসহ সাত আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। পরীমনি, নজরুল ইসলামের জিজ্ঞাসাবাদ শেষ হয়েছে আজ সোমবার। কাল মঙ্গলবার তাঁদের আদালতে হাজির করবে সিআইডি।
সিআইডি সূত্র বলছে, পরীমনি ও নজরুল ইসলামকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে। এ ছাড়া কথিত মডেল ফারিয়া মাহাবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, মাসুদুল ইসলাম জিসান, শরফুল হাসান মিশুর বিরুদ্ধে করা মামলাও তদন্ত করছে সিআইডি। হেলেনা ও শরফুলকে এখনো নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেনি সংস্থাটি। তবে অন্যদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি।