পরের জন্য গর্ত খুঁড়ে...
শ্যালককে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন ভগ্নিপতি। ইয়াবা পকেটে ঢুকিয়ে শ্যালক মো. ইব্রাহিমকে ফাঁসানোর পরিকল্পনা আঁটেন ভগ্নিপতি নূর চৌধুরী। কিন্তু এর আগেই পুলিশের কাছে ইয়াবাসহ ধরা পড়েন তিনি। গত রোববার চট্টগ্রামের বাকলিয়ায় এ ঘটনা ঘটে। ধরা পড়ার পর নূর চৌধুরীকে তিন মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম আশরাফুল আলম।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রথম আলোকে জানান, নূর চৌধুরীর সঙ্গে ঝগড়া করে তাঁর স্ত্রী গত শনিবার ভাই মো. ইব্রাহিমের বাকলিয়া রাহাত্তারপুল এলাকায় বাসায় চলে যান। স্ত্রী ফিরিয়ে আনতে নানাভাবে চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পরে পুলিশকে জানান, তাঁর শ্যালক মো. ইব্রাহিমের কাছে ইয়াবা আছে। বিষয়টি পুলিশের সন্দেহ হলে নূর চৌধুরীর দেহ তল্লাশি করা হয়। এ সময় তাঁর পকেট থেকে চারটি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
ওসি জানান, নূর চৌধুরী স্বীকার করেছেন, তাঁর শ্যালককে ফাঁসাতে নিজের পকেটে ইয়াবাগুলো রেখেছিলেন। অপরাধের দায়ে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের সাজা দেন।