পরোটার খামির সঙ্গে কাঁচা মাংস, জরিমানা
অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকরভাবে ফ্রিজে পরোটার খামির সঙ্গে কাঁচা মাংস, কাঁচা মাছের সঙ্গে ভাজা মাছ সংরক্ষণ ও ময়লা ফ্লোরে মাছ-মাংস কাটাকুটির জন্য নগরের এনায়েত বাজার এলাকার ক্যাফে জুবিলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া নির্ধারিত মূল্যর চেয়ে বেশি দাম রাখা ও অপরিচ্ছন্ন ফ্রিজে মাছ-মাংস সংরক্ষণ করায় জামালখান এলাকার দাওয়াত রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ রোববার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন এ অভিযান চালান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন বলেন, ক্যাফে জুবিলীতে ফ্রিজে পরোটার খামির আর কাঁচা মাংসের প্যাকেট একসঙ্গে পাওয়া গেছে। পরোটার খামিরের গায়ে মাংসের রক্ত আর ময়লা লেগে আছে। কাঁচা আর ভাজা মাছও একসঙ্গে রাখা। যে ফ্রিজে সংরক্ষণ করা হচ্ছিল, সেটিও নোংরা। মাছ-মাংস ফ্লোরের ওপর রেখে অস্বাস্থ্যকর পরিবেশে কাটাকুটি করা হচ্ছিল। কিছু নষ্ট পরোটার খামিরও পাওয়া গেছে। এ ধরনের কিছু অনিয়মের জন্য তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দাওয়াত রেস্তোরাঁয় দেখা গেছে, বোতলজাত পানি ও কোমল পানীয়ের দাম নির্ধারিত মূল্যর চেয়ে বেশি রাখা হচ্ছে। রেস্তোরাঁটির ফ্রিজও নোংরা ছিল। তাদের ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।