পরোটার খামিরে মাংসের রক্ত!
ফ্রিজে পরোটার খামির সঙ্গে কাঁচা মাংস, কাঁচা মাছের সঙ্গে ভাজা মাছ সংরক্ষণ এবং মাংস কাটার পর তা নোংরা মেঝেতে ফেলে রাখায় চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকার ক্যাফে জুবিলীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই আদালত জামালখান এলাকার দাওয়াত রেস্তোরাঁকে বিভিন্ন অনিয়মের কারণে ১০ হাজার টাকা জরিমানা করেন।
গতকাল রোববার এ অভিযান চালান চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ক্যাফে জুবিলীর ফ্রিজে পরোটার খামির আর কাঁচা মাংসের প্যাকেট একসঙ্গে রাখায় খামিরের মধ্যে রক্ত লেগে ছিল। কাঁচা আর ভাজা মাছও একসঙ্গে রাখা হয়। যে ফ্রিজে এসব খাদ্যসামগ্রী সংরক্ষণ করা হচ্ছিল, সেটিও নোংরা। বিভিন্ন ধরনের অনিয়মের জন্য হোটেলটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া দাওয়াত রেস্তোরাঁয় দেখা গেছে, বোতলজাত পানি ও কোমল পানীয়ের দাম নির্ধারিত মূল্যর চেয়ে বেশি রাখা হচ্ছে।