পরোয়ানা ছাড়াই থানায় আটকে রাখার অভিযোগ
কুমিল্লার দাউদকান্দি উপজেলার দুর্গাপুর গ্রামের মুজাফ্ফর হোসেন ভূঁইয়া, তাঁর স্ত্রী জোসনা বেগম ও ছেলে মোহন ভূঁইয়াকে গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই পুলিশ থানাহাজতে আটকে রেখেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মুজাফ্ফর হোসেন ভূঁইয়ার ছেলে পলাশ ভূঁইয়া জানান, সম্প্রতি তাঁর ছোট ভাই মোহন ভূঁইয়া তাঁর স্ত্রীকে তালাক দেন। এ ঘটনায় কুমিল্লার আদালতে একটি পারিবারিক মামলা হয়। গত ৫ এপ্রিল মামলাটির আপস মীমাংসা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত ৪ মে আদালত থেকে জামিন পাওয়ার পর এ–সংক্রান্ত কাগজটি কয়েক দিন পর থানায় জমা দেওয়া হয়েছে। কিন্তু দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা গত বুধবার রাত একটার দিকে বাড়ি থেকে তাঁর বাবা, মা ও ছোট ভাইকে ধরে নিয়ে বৃহস্পতিবার বেলা তিনটা পর্যন্ত থানাহাজতে আটকে রাখেন।
এ বিষয়ে এসআই সোহেল রানা বলেন, অসুস্থতার কারণে দুই মাস আগে আদালতে হাজিরা দিতে না পারায় মুজাফ্ফর, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামিদের ধরতে গেলে তাঁরা জামিনের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। গতকাল জামিনের বৈধ কাগজ দেখানোর পর তাঁদের ছেড়ে দেওয়া হয়।