পরোয়ানা জারির পর আদালত থেকে চম্পট
নাশকতার মামলায় হাজিরা দিতে এসে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালত থেকে পালালেন বগুড়ার গাবতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিলটন।
২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন ভন্ডুল করতে গাবতলী মডেল থানায় দায়ের হওয়া মামলায় গতকাল বুধবার বগুড়ার স্পেশাল ট্রাইব্যুনাল-১-এ হাজিরা দিতে এসে এ ঘটনা ঘটে।
আদালতের একাধিক আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা বলেন, মোরশেদ মিলটনসহ মামলার আসামিরা এত দিন হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। হাইকোর্টের নির্দেশে গতকাল তিনি আদালতে হাজিরা দিতে আসেন। বিকেলের দিকে মামলাটির নথি আদালতে উপস্থাপন করার সময় অন্যরা কাঠগড়ায় উঠলেও মোরশেদ মিলটন এজলাসের ফটকে দাঁড়িয়ে থাকেন। শুনানির সময় আসামির সংখ্যা গণনাকালে মোরশেদ মিলটনের অনুপস্থিতির বিষয়টি নজরে আসে আদালতের। আদালত মোরশেদ মিলটনসহ ১০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরপর আদালত চত্বর থেকে সটকে পড়েন মোরশেদ মিলটন।
মুঠোফোনে যোগাযোগ করা হলে মোরশেদ মিলটন বলেন, ‘আমার অনুপস্থিতিতে আদালত পরোয়ানা জারি করায় গ্রেপ্তার এড়াতে দ্রুত আদালত চত্বর ত্যাগ করেছি।’
বগুড়া পুলিশের আদালত পরিদর্শক শাজাহান আলী বলেন, মোরশেদ আদালতে হাজিরা দিলেও বিকেলে মামলার নথি উপস্থাপনের সময় হাজিরা প্রত্যাহার করে নেন (গরহাজির)।