পর্নোগ্রাফি ও পাইরেসির অভিযোগে গ্রেপ্তার ৫
নারায়ণগঞ্জের একটি মার্কেটে অভিযান চালিয়ে পর্নোগ্রাফি ও পাইরেসি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের দক্ষিণ নরসিংহপুরের এস এম সালেহ সড়কের হাবিব শপিং কমপ্লেক্স গত বৃহস্পতিবার এ অভিযান চালানো হয়।
গতকাল শুক্রবার বিকেলে র্যাব-১১ সিপিএসসি কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিপুর ইউনিয়নের মো. অনিক হোসেন এবং একই এলাকার মো. শুভ, সিদ্ধিরগঞ্জ থানার আজিম মার্কেট এলাকার আলমগীর হোসেন, বন্দর উপজেলার সাবদী এলাকার আল আমিন ও মাধবপাশা এলাকার মো. হাসান। এ সময় হাবিব শপিং কমপ্লেক্সের নিচতলা থেকে পর্নোগ্রাফি ও পাইরেসির কাজে ব্যবহৃত ১৬টি কম্পিউটার জব্দ করা হয়। তবে অভিযান চলার সময় ১৫ থেকে ২০ জন পালিয়ে যান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ চক্রটি নজরদারিতে ছিল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ ও বাংলাদেশ কপিরাইট আইনে মামলা করা হয়েছে।