পর্যটন ও কাস্টমসের সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র
প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাতের অভিযোগে করা একটি মামলায় সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার কমিশন এ অভিযোগপত্র অনুমোদন দেয় বলে সংস্থার প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
যাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয় তাঁরা হলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের তিন উপব্যবস্থাপক বুলবুল আক্তার, সৈয়দ নাজমুল আরেফিন ও রওশন আরা, সাবেক শুল্ক পরিদর্শক কালিপদ দাস ও কাজী রফিকুল ইসলাম, বিমানের হিসাব তত্বাবধায়ক এবিএম জাকারিয়া এবং ব্যবসায়ী কামরুজ্জামান রুবেল। এঁদের মধ্যে সৈয়দ নাজমুল আরেফিনকে গত বছরের ২৮ আগস্ট দুদক গ্রেপ্তার করে।
বাংলাদেশ পর্যটন করপোরেশনের ডিপ্লোম্যাটস অ্যান্ড প্রিভিলেজড পারসন্স ট্যাক্স ফ্রি শপে দায়িত্বরত ছিলেন এসব কর্মকর্তা। তাঁরা প্রতারণা, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কূটনীতিক ও বিশেষ সুবিধাভোগী ব্যক্তিদের জন্য করমুক্ত দোকানের বিভিন্ন ব্র্যান্ডের মদ খোলাবাজারে বিক্রি করে ৪ কোটি ৯১ লাখ ১ হাজার ৪৯৭ টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাত করেছেন এমন অভিযোগে ২০০৬ সালের এপ্রিলে মামলা হয়।
দুদক সূত্র জানায়, কূটনীতিক ও বিশেষ সুবিধাভোগী ব্যক্তিদের নামে ইস্যু করা ২১৬টি জাল পাস বইয়ের বিপরীতে ভুয়া কাগজপত্রের মাধ্যমে বিপুল পরিমাণ মদ ও সিগারেট করপোরেশনের দোকান থেকে তুলে নিয়ে খোলাবাজারে বিক্রি করা হয়। করমুক্ত এ দোকানের পণ্য শুধু কূটনীতিক ও বিশেষ সুবিধাভোগীদের জন্য। ওই সব পণ্য বিক্রি করে দেওয়ার মাধ্যমে প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব ফাঁকি দিয়ে আত্মসাৎ করা হয়।
মামলার তদন্ত করেন দুদরেকর উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন। তাঁর সুপারিশের পরিপ্রেক্ষিতে কমিশন অভিযোগপত্র অনুমোদন দেয়। শিগগিরই বিচারিক আদালতে এ অভিযোগপত্র জমা দেওয়া হবে বলে দুদক সুত্র জানিয়েছে।