পর্যবেক্ষককে আটকে নকলের সুযোগ চাইল ছাত্রলীগ
পরীক্ষার্থীরা নকল করছিলেন। বিশেষ পর্যবেক্ষক এসে নকল ধরে কিছুক্ষণ খাতা আটকে রাখলেন। নকল করা অংশ খাতা থেকে কেটে দিলেন। এটা মানতে পারলেন না ছাত্রলীগের নেতা কর্মীরা। তাঁরা পর্যবেক্ষককে আটকে রেখে নকল করার সুযোগ দাবি করলেন।
রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) আজ সোমবার এই ঘটনা ঘটেছে।
আইএইচটির প্রশাসনিক দপ্তর সূত্রে জানা গেছে, ২৮ মে থেকে প্রতিষ্ঠানটিতে ডিপ্লোমা ইন ফার্মাসি বিভাগের লিখিত পরীক্ষা শুরু হয়েছে। আজকের পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মাসি বিভাগের সহকারী অধ্যাপক জসীম উদ্দিন বিশেষ পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল থেকে এ নিয়োগ দেওয়া হয়। পরীক্ষা চলাকালে শিক্ষার্থীরা নকল করলে তিনি খাতা ধরে রেখে দেন এবং নকল করে যে উত্তর লেখা হচ্ছিল তা কেটে দেন।
এই খবর ছাত্রলীগের আইএইচটি শাখার নেতাদের কাছে চলে যায়। পরীক্ষার মাঝামাঝি সময়েই একবার পর্যবেক্ষককে বাইরে পেয়ে ছাত্রলীগের নেতারা কথা বলার চেষ্টা করেন। কিন্তু তিনি দ্রুত দোতলায় উঠে যান। তখন তাঁরা জসীম উদ্দিনের সঙ্গে কথা বলার সুযোগ পাননি।
পরীক্ষা শেষে কক্ষের বাইরে আসলে সঙ্গে সঙ্গে করিডরেই ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন তুহিনের নেতৃত্বে কয়েকজন নেতা-কর্মী অধ্যাপক জসীম উদ্দিনকে ঘিরে ধরেন। ছাত্রলীগ নেতারা জানতে চান কেন খাতা কেড়ে নেওয়া হচ্ছে, কেন প্রশ্নের উত্তর কেটে দেওয়া হচ্ছে? এ সময় জসীম উদ্দিন বলেন, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল তাঁকে নিয়োগ দিয়েছে। তিনি এর বাইরে কারও কাছে জবাবদিহি করবেন না। ছাত্রলীগের নেতারা তখন তাঁকে ঘেরাও করে রেখে নকলের সুযোগ দেওয়ার দাবি জানাতে থাকেন। পর্যবেক্ষককে ঘেরাও করার খবরে অধ্যক্ষ ঘটনাস্থলে আসেন। অধ্যক্ষ এসে ছাত্রলীগের নেতাদের সরিয়ে দেন।
এ ব্যাপারে জানতে চাইলে জসীম উদ্দিন প্রথম আলোকে বলেন, তাঁর সঙ্গে খারাপ আচরণ করা হয়েছে। তিনি কিছুতেই নকল করার সুযোগ দিতে পারেন না। কেউ যাতে নকল করার চেষ্টা না করে সে জন্য নকল ধরার পরে তিনি সেই খাতাটি কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছিলেন। নকল করে লেখা উত্তরটি কেটে দিচ্ছিলেন। এটা নিয়েই ছাত্রলীগের আপত্তি।
আইএইচটি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, তাঁরা কোনো খারাপ আচরণ করেননি। তিনি শুধু পরীক্ষা কেন্দ্রে ছাত্রদের একটু ‘সুযোগ’ দেওয়ার দাবি জানিয়েছেন। তবে সকলের ‘সুযোগ’ চাওয়ার বিষয়টি ঠিক হয়নি বলে তিনি স্বীকার করেন।
রাজশাহী ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) অধ্যক্ষ এ বি এম মনসুর রহমান প্রথম আলোকে বলেন, খবর পেয়েই তিনি গিয়ে ছাত্রলীগ নেতাদের ঘেরাও থেকে অধ্যাপক জসীম উদ্দিনকে রক্ষা করেছেন। তাঁকে নিরাপদে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন।