পলাতক আসামি গ্রেপ্তার করে ফেরার পথে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়ায় পলাতক এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় ফিরে আসার পথে আসামির সহযোগী ও পরিবারের লোকজন কর্তৃক পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় ইটের আঘাতে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। গত রোববার রাত ১১টার দিকে উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার হওয়া আসামি মোহাম্মদ জোনাইদের বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতাসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হচ্ছে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলা। পুলিশ জানায়, জোনাইদ থানা-পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত তিনি। তাঁর বাড়ি উপজেলার মাইজপাড়া গ্রামে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার প্রথম আলোকে বলেন, জোনাইদ দীর্ঘদিন পর নিজের বাড়িতে এসেছেন, এমন তথ্যের ভিত্তিতে গত রোববার রাত ১১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় একটি এলজি ও গুলিসহ তাঁকে গ্রেপ্তার করা হয়। থানায় নেওয়ার পথে তাঁর সহযোগী ও পরিবারের লোকজন পুলিশের ওপর ইটপাটকেল ছুড়ে মারে। এতে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হান্নান ও কনস্টেবল রিদোয়ান আহত হন। তাঁরা সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, অস্ত্র উদ্ধার ও পুলিশের ওপর হামলার ঘটনায় জোনাইদের বিরুদ্ধে বিরুদ্ধে মামলা হয়েছে।