পলাতক আসামির গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরের বাইপাস সড়কের পিয়ারপুর এলাকায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, দুই দল সন্ত্রাসীর গোলাগুলির পর তাঁর গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে।

গতকাল মধ্যরাতে লাশটি উদ্ধার করা হয়। তাঁর নাম শাহিন ওরফে হাতকাটা শাহিন। পুলিশ বলছে, তিনি শীর্ষ সন্ত্রাসী ও ৫৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামানের ভাষ্য, গোপন খবরের ভিত্তিতে তাঁরা জানতে পারেন, বাইপাস সড়কের পিয়ারপুরে দুই দল সন্ত্রাসী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত রয়েছে। কোতোয়ালি থানা-পুলিশের একটি দল সেখানে যায়। সন্ত্রাসীদের গোলাগুলির শব্দ পেয়ে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে। এ সময় সন্ত্রাসীরা পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থলে একটি লাশ পড়ে থাকতে দেখে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানকার লোকজন তাঁকে ‘হাতকাটা শাহিন’ নামে চিহ্নিত করে।

মো. কামরুজ্জামান আরও বলেন, নিহত ব্যক্তির বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, বোমাবাজি, বিস্ফোরকসহ ১৮টি মামলা রয়েছে। একটি হত্যামামলায় ৫৪ বছরের সাজাপ্রাপ্ত হয়ে তিনি পলাতক।