হবিগঞ্জের বাহুবল উপজেলার আলোচিত চার শিশু হত্যা মামলার পলাতক তিন আসামির বাড়ির মালামাল ক্রোক করা হয়েছে। আদালতের আদেশে গতকাল বৃহস্পতিবার বাহুবল থানা-পুলিশ এ মালামাল ক্রোক করে।
যাঁদের মালামাল ক্রোক করা হয়েছে তাঁরা হলেন বিল্লাল মিয়া (৩০), উস্তার মিয়া (৩৮) ও বাবুল মিয়া (৪৫)। পলাতক এই আসামিদের মালামাল ক্রোক করতে গত ২৫ জুলাই আদেশ দিয়েছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মনির হোসেনের নেতৃত্বে গতকাল পুলিশ সুন্দ্রাটিকি গ্রামে এ তিন আসামির বাড়িতে যায়। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অভিযান চালিয়ে বিল্লাল, উস্তার ও বাবুলের বসতঘর থেকে দুই লক্ষাধিক টাকার আসবাবপত্র ক্রোক করে। ওসি ক্রোকের বিষয়টি নিশ্চিত করেছেন।
সুন্দ্রাটিকি গ্রামে গত ১৭ ফেব্রুয়ারি চার শিশু তাজেল মিয়া (১০), তার দুই চাচাতো ভাই জাকারিয়া শুভ (৮) ও মনির মিয়া (৭) এবং এই শিশুদের প্রতিবেশী ইসমাইল হোসেনের (১০) অর্ধগলিত লাশ বালুচাপা অবস্থায় পাওয়া যায়। ১২ ফেব্রুয়ারি বাড়ির পাশের একটি মাঠে ফুটবল খেলা দেখতে গিয়ে নিখোঁজ হয়েছিল এই শিশুরা। এ ঘটনায় ১৬ ফেব্রুয়ারি বাহুবল থানায় মামলা হয়।
মামলায় গত ৫ এপ্রিল পুলিশ নয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। তাঁদের মধ্যে পাঁচজন কারাগারে রয়েছেন। বাচ্চু নামে একজন র্যা বের গুলিতে মারা গেছেন।