পলাতক সেই পুলিশ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের সেই পুলিশ কনস্টেবল কাওসার শেখকে (৪০) খুলনার কয়রা উপজেলার খলিশাখালী গ্রাম থেকে আজ শনিবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা করার অভিযোগ রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

১২ নভেম্বর দিবাগত রাতে নিজ বাড়িতে স্ত্রী মিনা বেগমকে (৩৪) যৌতুকের দাবিতে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার করেন বলে কাওসারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। হত্যার ঘটনায় নিহতের ভাই মো. কামরুজ্জামান ১৩ নভেম্বর বাগেরহাট মডেল থানায় কাওসারের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান খানের ভাষ্য, ঘটনার পর কাওসার শেখ কর্মস্থল গোপালগঞ্জে যোগ না দিয়ে আত্মগোপন করেন। গ্রেপ্তার এড়াতে তিনি বারবার অবস্থান পরিবর্তন করেন। পুলিশ গত আট দিনে বিভিন্ন সময়ে কাওসারের মুঠোফোন ট্র্যাকিং করে খুলনা, যশোর, ঢাকাসহ বিভিন্ন স্থানে তাঁর অবস্থান শনাক্ত করে। এর পর থেকে পুলিশের একাধিক দল তাঁকে ধরতে অভিযান শুরু করে। আত্মগোপনে থাকার সময় কাওসার একাধিকবার তাঁর মুঠোফোন নম্বর পরিবর্তন করেন বলে তদন্ত কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। দুপুরে তাঁকে কয়রা উপজেলার খলিশাখালী থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর দুপুরে বাগেরহাট মডেল থানায় কাওসারকে স্ত্রী হত্যার বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেননি। বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাওসার পুলিশের কাছে স্বীকার করেছেন যে স্ত্রীকে গলায় দড়ির ফাঁস লাগিয়ে এবং মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেছেন। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কাওসার শেখ বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বেমরতা গ্রামের এন্তাজ উদ্দিন শেখের ছেলে। তিনি গোপালগঞ্জ পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত।