পলাতক সেনা কর্মকর্তা উদ্ভাস চাকমা গ্রেপ্তার
সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় সিলেট সেনানিবাস থেকে পালিয়ে যাওয়া কর্মকর্তা ক্যাপ্টেন উদ্ভাস চাকমাকে ভারতীয় কর্তৃপক্ষের সহায়তায় সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।
আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাপ্টেন উদ্ভাস চাকমা সেনাবাহিনীর একটি কোর্সে অংশ নেওয়ার জন্য ২০১৫ সালের ১৫ ফেব্রুয়ারি থেকে সিলেট সেনানিবাসে অবস্থান করছিলেন। কোর্সে অংশগ্রহণরত অবস্থায় সে বছরের ১২ মে তিনি সেখান থেকে পালিয়ে যান। পরে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যোগসাজশের মাধ্যমে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। গ্রেপ্তার এড়াতে তিনি পার্বত্য চট্টগ্রাম থেকে পালিয়ে দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে সস্ত্রীক ভারতের মিজোরামে অনুপ্রবেশ করেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাপ্টেন উদ্ভাস চাকমার বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে উল্লেখ করা হয়, তাঁর বাড়ি খাগড়াছড়ি জেলায়।