পলাশবাড়িতে ট্রাক ভাঙচুর, আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা সদরের সবরিতলা এলাকায় আজ সোমবার সন্ধ্যায় একটি ট্রাক ভাঙচুর ও একটি ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা। এ সময় চালক ও তাঁদের সহকারীরা লাফিয়ে প্রাণে রক্ষা পান। পরে গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভান।

পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, নাশকতা ঠেকাতে পুলিশ পাহারায় যাত্রীবাহী বাস চলাচল করছে। তার পরও চোরাগোপ্তা হামলা চালিয়ে যানবাহন ভাঙচুর করা হচ্ছে। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।

গাইবান্ধা জেলা জ্বালানি তেল পরিবেশক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বলেন, প্রশাসনের সহযোগিতায় ডিজেল ও পেট্রল আনার জন্য গাইবান্ধার চারটি ট্যাংকলরি সিরাজগঞ্জের বাঘাবাড়ি যাচ্ছিল। ট্যাংকলরি চারটি বগুড়ার শাহজাহানপুর এলাকায় পৌঁছলে ভাঙচুর করে অবরোধকারীরা।

এদিকে উপজেলা সদরের মহেশপুর এলাকায় সকালে জামায়াত-শিবির গোপন বৈঠক শুরু করে। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে তাঁদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়েন শিবিরের কর্মীরা। পরে পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের কয়েকটি শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পুলিশ শিবিরের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। তাঁরা হলেন উপজেলার কিশোরগাড়ি ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি আশরাফুল ইসলাম (২৬), শিবিরের কর্মী পলাশগাছি গ্রামের একরামুল হক (২৬), নান্দিশহর গ্রামের ফরহাদ হোসেন (২৮) ও রংপুরের পীরগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের নুরুন্নবী মিয়া (২৮)।