পলাশবাড়ীতে জমি নিয়ে সংঘর্ষে একজন নিহত
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নে গতকাল বুধবার জমি নিয়ে সংঘর্ষে শহীদ মিয়া ওরফে সাঈদ (৩০) নামের এক যুবক নিহত ও উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হয়েছেন। নিহত শহীদ মিয়া নান্দিশহর গ্রামের ছাদেক আলীর ছেলে।
পলাশবাড়ী থানার পুলিশ, প্রত্যক্ষদর্শী ও নিহত ব্যক্তির পরিবারের সদস্যরা জানান, ওই ইউনিয়নের নান্দিশহর গ্রামের চল্লিশঘর ও আটঘরপাড়ার লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিলের ৩১ একর জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে। এমনকি স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই বিরোধের জের ধরে গতকাল বেলা ১১টার দিকে চল্লিশঘর পক্ষের শতাধিক ব্যক্তি অস্ত্র নিয়ে ওই জমির দখল করতে যায়। খবর পেয়ে আটঘর পক্ষের লোকজন বাধা দিলে সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলে শহীদ মিয়া নিহত ও উভয় পক্ষের ১১ জন আহত হন।
আহত ব্যক্তিরা হচ্ছেন চল্লিশঘরের বাচ্চু মিয়া, চান মিয়া, লাল মিয়া, ওসমান আলী, মোখলেছুর রহমান, আবদুল গফুর মিয়া, খালেক মিয়া, মোফসের আলী, আবদুল করিম, ইসরাফিল মিয়া ও আটঘরের হারুন-অর-রশীদ। তাঁদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।