পলাশে এক ব্যক্তির ২০ লাখ টাকা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশে একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক কর্মকর্তার ২০ লাখ টাকা ছিনতাই হয়েছে। গতকাল রোববার বিকেলে উপজেলার চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রতিষ্ঠান সূত্র জানায়, ঢাকার পি কে ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানি নামের বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে পলাশের চরসিন্দুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের জিনিয়ান ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবসায়িক যোগাযোগ রয়েছে। গতকাল জিনিয়ান ইন্ডাস্ট্রিজ প্রতিষ্ঠানে আসেন পি কে ইন্ডাস্ট্রিজের বাণিজ্যিক কর্মকর্তা শংকর দেবনাথ। তিনি ওই প্রতিষ্ঠান থেকে ২০ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন। বিকেল চারটার দিকে তিনি ফুলবাড়িয়া এলাকার মসজিদের সামনে পৌঁছামাত্র একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে প্রথমে শংকরকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরে তাঁকে পিটিয়ে আহত করে এবং টাকা নিয়ে পালিয়ে যায়। আহত অবস্থায় শংকরকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শংকর দেবনাথ জানান, তাঁর প্রতিষ্ঠান পলাশের প্রতিষ্ঠানে সিসা সরবরাহ করে। দুই প্রতিষ্ঠানের ব্যবসায়িক সম্পর্ক দীর্ঘদিনের। নগদ ও ব্যাংক চেকের মাধ্যমে লেনদেন হয়। গতকাল লেনদেন হয়েছে নগদে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় পি কে ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।