পলাশে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় গত শুক্রবার রাতে এক কিশোরীকে কয়েকজন তরুণ ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ ও ওই কিশোরীর সঙ্গে কথা বলে জানা গেছে, পাটকলে কাজ করার সুবাদে সেখানকার একটি বাড়িতে ভাড়া থাকে ওই কিশোরী। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে বিদ্যুৎ চলে যায়। এরপর সে বাড়ির উঠানে যায়। একপর্যায়ে সেখান থেকে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করেন চার তরুণ। পরে কিশোরীর ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এলে তরুণেরা পালিয়ে যান। পালানোর সময় এলাকাবাসী শাকিল নামের এক তরুণকে ধরে পুলিশে দেয়।
পলাশ থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। লোকজন শাকিল নামের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন। আটক ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী ঘটনার সঙ্গে জড়িত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। ওসি আরও বলেন, ওই কিশোরী পুলিশ হেফাজতে রয়েছে। আজ শনিবার তাকে আদালতে তোলা হবে। এরপর তার ডাক্তারি পরীক্ষা করা হবে।