পলাশে গৃহবধূকে পিটিয়ে হত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশে যৌতুকের জন্য রুমানা আক্তার নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাতে উপজেলার ইসলামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গতকাল সোমবার রুমানার (২২) লাশ তাঁর স্বামী লাবনের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। রুমানার দেড় বছরের একটি মেয়ে আছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, তিন বছর আগে ইসলামপাড়া এলাকার লাবনের সঙ্গে রুমানার বিয়ে হয়। বিয়ের কিছুদিন যেতে না যেতেই লাবন মাদকাসক্ত হয়ে পড়েন। এরপর থেকে প্রায়ই যৌতুকের জন্য রুমানার ওপর নির্যাতন চালাতেন তিনি। মেয়ের ওপর নির্যাতন বন্ধ করতে বিভিন্ন সময় লাবনকে টাকা দেন রুমানার বাবা খোরশেদ আলম। গত রোববার রাতে লাবন আবারও রুমানাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার কথা বলেন। রুমানা এতে অস্বীকৃতি জানান। এ সময় লাবন তাঁকে এলোপাতাড়ি
মারধর করেন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খোরশেদ আলম বলেন, ‘মৃত্যুর এক ঘণ্টা আগে মেয়ে (রুমানা) আমাকে ফোন দিয়ে বলে, “বাবা তুমি সকাল-সকাল আমার এখানে আসবে। আমাকে তারা অনেক নির্যাতন করছে।” কিন্তু সেই সকাল আর হলো না। এক ঘণ্টা পর মেয়ের স্বামীর বাড়ির পাশের এক লোক আমাকে মুঠোফোনে বলে, “রুমানা মারা গেছে”।’

স্থানীয় ইউপি সদস্য কৌশিকুল ইসলাম বলেন, ‘আগেও রুমানাকে তাঁর স্বামী টাকার জন্য মারধর করতেন। মৃত্যুর খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হই এবং পুলিশকে খবর দিই।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে লাবন পলাতক।