পলাশে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ
নরসিংদীর পলাশে শফিউল্লাহ মিয়া নামের একজনের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার তাঁর স্ত্রী তাছলিমা আক্তার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।
শফিউল্লাহ মিয়া ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রের মেকানিক্যাল কর্মকর্তা। এজাহারের বিবরণ অনুযায়ী, পাঁচ বছর আগে শফিউল্লাহ মিয়ার প্রথম স্ত্রী মোমেনা বেগম পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। পরে মোমেনার পরামর্শে শফিউল্লাহ স্বামীহারা এক সন্তানের জননী তাছলিমা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কয়েক দিন পর থেকে দ্বিতীয় স্ত্রীকে নির্যাতন শুরু করেন শফিউল্লাহ।
তাছলিমা আক্তার বলেন, ‘লাঠি বা রড দিয়ে আমাকে পেটানো হয়। এরপর আমি যেন পালাতে না পারি সে জন্য রুমে (কক্ষ) তালা দিয়ে আমাকে বন্দী করে রাখা হয়। পেটানোর সময় আমার আগের সংসারের শিশুসন্তান তামিম প্রতিবাদ করলে তাকেও মারধর করা হয়।’
শফিউল্লাহর পাশের কক্ষের আমেনা বেগম বলেন, ‘তাছলিমা শান্ত প্রকৃতির নারী। প্রায়ই তাঁদের রুম থেকে চিৎকারের শব্দ শোনা যায়। মাঝেমধ্যে বাধা দিতে গেলে শফিউল্লাহ আমার দিকেও তেড়ে আসেন ও অশ্লীল ভাষায় গালমন্দ করেন।’
শফিউল্লাহর মুঠোফোনে কল দিলেও তা বন্ধ পাওয়া যায়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তাঁর এক সহকর্মী বলেন, পুলিশ তাঁকে ধরতে আসার পর থেকে তিনি মুঠোফোন বন্ধ রেখেছেন।
পলাশ থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, শফিউল্লাহর সহকর্মী ও প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী তিনি স্ত্রীকে মারধর করেন।